রুহিতপুরে তাঁতিদের মজুরি ঘণ্টায় ২৮ টাকা ১২ পয়সা!

রুহিতপুরের একজন তাঁতশ্রমিক সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনটি লুঙ্গির বুনন শেষ করতে পারেন। একটি লুঙ্গির জন্য মজুরি পান ১৫০ টাকা। সেই হিসাবে তিন লুঙ্গিতে মেলে ৪৫০ টাকা। দৈনিক ১৬ ঘণ্টার হিসাবে প্রতি ঘণ্টায় মজুরি দাঁড়ায় ২৮ টাকা ১২ পয়সা।

রুহিতপুরের নারায়ণপট্টি এক ছোট্ট গ্রাম, দোচালা টিনের ঘরে পাঁচটি তাঁত। তার একটিতে বসেই অবিরাম হাত চালাচ্ছিলেন মো. শওকত। নিজের আয়-রোজগারের সঙ্গে শ্রমঘণ্টা নিয়ে তিনি বলেন, এখন আর সংসার চলতে চায় না। ত্রিশ বছরের পুরনো পেশা ছেড়ে নতুন কিছু করতেও পারছি না। এ জন্য এই পেশা আঁকড়ে পড়ে আছি।

শওকত জানান, মাসে ৩০ দিন কাজ করলে তিনি পান ১৩ হাজার ৫০০ টাকা। কিন্তু এমন এক পেশা, যেখানে একদিন দিন কাজে না এলে সেদিনের মজুরি নেই। কোনো দিন অসুস্থ থাকলেও আয় শূন্য। তিনি বলেন, কোনো এক সময় হয়তো এই আয় ঠিকই ছিল। চলে যেত মোটা ভাত-কাপড়ে। কিন্তু এখন বাজারের যা অবস্থা তাতে সংসার চালানোই কঠিন। বাজারে সব জিনিসের দাম বেড়েছে। কিন্তু মজুরি এক টাকাও বাড়েনি। আর বাড়াতে চাইলে লুঙ্গির দাম বাড়াতে হয়। লুঙ্গির দাম বাড়ালে কেউ তা কিনতে চাইবে না।

বাজারে সাধারণত ৩শ থেকে ৪শ টাকায় লুঙ্গি পাওয়া যায়। সেখানে তাঁতির ঘর থেকে পাইকারদের একটি রুহিতপুরি লুঙ্গি কিনতে ব্যয় করতে হয় এক হাজার ২৫০ টাকা। এত দাম দিয়ে কেউ এখন আর লুঙ্গি পরতে চায় না।

বুড়িগঙ্গা পেরিয়ে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খুব কাছের ইউনিয়ন রুহিতপুর। এ অঞ্চলের কয়েকশ বছরের তাঁতশিল্পের ঐতিহ্যের গল্প এখনো রয়ে গেছে মানুষের মুখে মুখে। সূক্ষ্ম বস্ত্র ও তাঁতশিল্পের জন্য একসময় বিখ্যাত ছিল ঢাকা। মসলিন, ঢাকার জামদানির মতো লুঙ্গির জন্য বিখ্যাত ছিল রুহিতপুরও। এমনকি লোকমুখে প্রচলিত রয়েছে, এখানের তাঁতে একসময় শাড়িও বোনা হতো।

বি. সি. অ্যালেন, পূর্ববঙ্গ ও আসাম জেলা গেজেট : ঢাকা, ১৯১২-এর হিসাব বলছে ঢাকায় তখন ১৭ হাজার পেশাদার তাঁতি ছিলেন। যার একটি অংশ ছিল রুহিতপুরে। কিন্তু সময়ের পরিক্রমায় এখন সে ঐতিহ্য মøান হওয়ার পথে।

ঠিক কত বছর আগে রুহিতপুরে যাত্রা শুরু হয়েছিল তাঁতশিল্পের, তার সঠিক ইতিহাস কারও জানা নেই। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩শ বছর আগে রুহিতপুরে শুরু হয়েছিল তাঁতশিল্পের যাত্রা। রুহিতপুর ইউনিয়নের সরকারি উপস্থাপনায় তাঁতশিল্পের কথা উল্লেখ থাকলেও ঠিক কত বছর আগে এখানে এই শিল্পের শুরু সে উল্লেখ নেই। স্থানীয়রা বলছেন, প্রায় একশ বছর আগে এখানে তাঁতশিল্পের যাত্রা শুরু হয়েছিল। এই ১০০ বছর কীভাবে নির্ধারণ করছেন, এই জিজ্ঞাসার জবাবে তারা বলেন, বাবাকে দেখেছি তাঁত বুনতে। এরপর বাবার কাছে শুনেছি তার দাদারাও তাঁতশিল্পী ছিলেন। সেই হিসেবে ধারণা এখানে ১০০ বছর আগেই তাঁতশিল্পের গোড়াপত্তন।

স্থানীয়দের স্মৃতিতে কেমন ছিল তাঁতের সোনালি অতীত জানতে চাইলে উত্তর রামেরকান্দা গ্রামের বাসিন্দা মো. আদনান জানান, তাদের বাড়িতেই ছিল এ এলাকার সবচেয়ে বড় তাঁত। একসঙ্গে ২০০ তাঁত আর কোনো বাড়িতে ছিল না। কিন্তু এখন সেগুলোর আর একটিও নেই। রুহিতপুর বাজারে তিনি অন্য একজনের দোকানে লুঙ্গি কেনাবেচার কাজ করেন।

আদনান জানান, একসময় প্রত্যেক বাড়িতে তাঁত ছিল। গ্রামের ভেতর দিয়ে হাঁটলেই তাঁত বোনার খটখট শব্দ শোনা যেত। এখন আর এসবের কিছুই নেই। সব মিলিয়ে রুহিতপুরের বিভিন্ন গ্রামে মাত্র ১৫টি তাঁত অবশিষ্ট রয়েছে। এর মধ্যে নারায়ণপট্টিতে ৬টা, মোহনপুরে ২টা, চর রুহিতপুরে ৪টা আর দক্ষিণ রামেরকান্দায় তিনটি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে রুহিতপুরে তাঁত না থাকলেও বাজারে রুহিতপুরের এত লুঙ্গি আসে কোথা থেকে। রুহিতপুর বাজারের দোকানগুলো ঘুরে দেখা যায়, রুহিতপুরের নামে বিক্রি হওয়া অধিকাংশ লুঙ্গি অন্য জায়গায় তৈরি। এখানে কেউ কেউ শুধু রুহিতপুর নামটি বিক্রি করছেন। তারা অন্য জায়গা থেকে লুঙ্গি বুনে এনে রুহিতপুর নামে বিক্রি করছেন।

রুহিতপুর বাজারের ইস্রাফিল ইসলাম জানান, রুহিতপুর বলে এখন যেসব লুঙ্গি বিক্রি হয় তার অধিকাংশই দোহারের জয়পাড়া থেকে আসে। কিন্তু বিক্রি হয় রুহিতপুর নামেই। প্রকৃত রুহিতপুরের লুঙ্গি চাইলে তিনি দোকানের একটি স্টিলের আলমারির তালা খুলে আসল লুঙ্গি বের করেন। ইস্রাফিল জানান, রুহিতপুরের একটি লুঙ্গি বিক্রি করেন এক হাজার ৬৫০ টাকায়। সেখানে জয়পাড়ার লুঙ্গি বিক্রি করেন ৮৫০ টাকায়।

তিনি বলেন, দাদা রুহিতপুরে লুঙ্গির ব্যবসা করতেন। বাবা আব্দুল হক লুঙ্গি বুনতেন। আমাদের বাড়িতেও ১৫টা তাঁত ছিল। কিন্তু ২৬/২৭ বছর আগে সব তাঁত বন্ধ হয়ে গেছে।

রুহিতপুর বাজারে যে লুঙ্গি বিক্রি হয় তার সবগুলোই বিক্রি হয় রুহিতপুরী লুঙ্গি পরিচয়ে। যাদের জানা নেই তাদের পক্ষে আসল রুহিতপুরি লুঙ্গি চিনে আলাদা করা সম্ভব নয়।

নারায়ণপট্টির আরেক তাঁতি মো. আলী জানান, একটি লুঙ্গির থান বুনতে দেড় দিন লাগে। এক থানে থাকে ৪টি লুঙ্গি। দৈনিক তিনটি লুঙ্গি বুনতে সময় লাগে ১৬ ঘণ্টার মতো। এত অল্প পারিশ্রমিকে জীবন চালানো কষ্টকর হলেও পেশা ছেড়ে যাওয়ার উপায় নেই জানিয়ে তিনি বলেন, গত ২০ বছর ধরে লুঙ্গি বুনছি। এখন নতুন করে কোনো কিছু শুরু করা তো কঠিন।

সন্তানেরা এই পেশায় আসতে আগ্রহী কি-না জানতে চাইলে তাঁতশিল্পী মো. আলী এবং শওকত বলেন, না না, এই পেশায় আর কি করে। যা আয় তা দিয়ে সংসার চলে না। ফলে রুহিতপুরের তাঁতশিল্প শুধু সংকটে নেই। পরবর্তী প্রজন্মের কেউ হয়তো আর কোনো দিন রুহিতপুরে তাঁত দেখবে না। এসব তাঁতিদের হাত থেমে গেলে আর কেউ তা সচল করতে এগিয়ে আসবে না বলে জানান, স্থানীয় বাসিন্দা মো. সুমন।

তিনি বলেন, আগে এলাকার সব বাড়িতেই তাঁত ছিল। ছোটবেলায় বাবাকেও দেখেছি লুঙ্গি বুনতে। এখন আর সেসব নেই। তিনি জানান, না থাকার বড় কারণ মেশিনের কাপড়ের সঙ্গে তাঁতিদের না পেরে ওঠা। খুব অল্প সময়ে কম খরচে পাবনা এবং সিরাজগঞ্জে লুঙ্গি, শাড়ি এবং গামছা বোনা হয়। যার সঙ্গে হাতে তৈরি তাঁতের কাপড় কুলিয়ে উঠতে পারে না। তাঁত বন্ধের পেছনে এও এক কারণ।