দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৪ টাকাই এখন খেলাপি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত জুন মাসের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এ সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমলেও বেসরকারি ব্যাংকে উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তবে গত তিন মাসে এসব ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।
অন্যদিকে, একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। ফলে সামগ্রিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ব্যাংক খাতের ঋণ আদায় ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।