আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

আগামী সপ্তাহ থেকেই বাজারে পাওয়া যেতে পারে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। পর্যায়ক্রমে ১০০ টাকাসহ অন্যান্য মূল্যমানের নতুন নোটও বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন টাকায় বর্তমান গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরিত থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। 

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সব ধরনের নোট নতুন নকশায় বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়। ওই সময় আগের নকশার পর্যাপ্ত পরিমাণ নতুন নোট মজুত থাকলেও মানুষের আবেগ ও নতুন নোটের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন নকশার নোট ছাপানোর সিদ্ধান্ত হয়। 
মুখপাত্র বলেন, একটি নোটের নকশা অনুমোদন থেকে শুরু করে ছাপানো এবং বাজারে ছাড়া পর্যন্ত প্রায় ছয় মাস সময় লাগে। একসঙ্গে নয় ধরনের নোট নতুন নকশায় ছাপানোর উদ্যোগ নেওয়ায় কাঁচামালের চাহিদা বেড়ে যায়। কিন্তু টাকা ছাপানোর বিশেষায়িত কাগজ, কালি ও নিরাপত্তাসূতা সরবরাহকারী বিশ্বের হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান সময়মতো চাহিদা অনুযায়ী এসব উপকরণ সরবরাহ করতে পারেনি। ফলে নোট ছাপানো ও বাজারে সরবরাহের ক্ষেত্রে চাহিদা ও জোগানের মধ্যে অসামঞ্জস্য তৈরি হয়েছে। 

কাঁচামাল সংকটের কারণে নতুন নোট বাজারে ছাড়তে দেরি হওয়ায় প্রচলিত কিছু পুরোনো নোটও পুনরায় ব্যবহার করতে হচ্ছে। এসব নোটের অনেকগুলোই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে রয়েছে। দ্রুত নতুন নোট বাজারে আনার চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা। 

তিনি আরও জানান, আগামী সপ্তাহে নতুন নকশার ২০ টাকার নোট বাজারে ছাড়া হতে পারে। একই সময়ে আগে ছাপানো ৫০ টাকার নোটও বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে ১০০ টাকাসহ অন্যান্য মূল্যমানের নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। 

নতুন নোট কত পরিমাণ বাজারে ছাড়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ছাপানোর কাজ চলমান থাকায় আপাতত নির্দিষ্ট পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। সব নোট ছাপানো শেষ হলে সরবরাহের পরিমাণ নির্ধারণ করা যাবে। আগামী সপ্তাহে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।  

সর্বশেষ সর্বাধিক পঠিত