দেশে অস্থিতিশীলতার প্রতিবাদে জবিতে সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও  অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ‘নৈরাজ্যকে না’ শীর্ষক মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন শোভাযাত্রার উদ্বোধন করেন।  এরপর  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে  শোভাযাত্রাটি বের হয়ে আদালতের পাশের সড়ক দিয়ে রায়সাহেব বাজার মোড় ঘুরে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে করে তারা।

সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতাকর্মী ও প্রতিনিধিরা।

সংহতি প্রকাশ করে শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল সমাবেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কথিত অপতৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। 

সমাবেশে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্ত ঝরানো আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাস, লুটতরাজ, ভাঙচুর ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে জড়িয়েছে।

আওয়ামী লীগকে কুখ্যাত সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তিনি রাষ্ট্রীয়ভাবে সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করার দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের আহ্বান জানান।

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবারও আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে জুলাই সনদ কার্যকর করতে হবে। অন্যথায় দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও জাতি হিসেবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান, কর্মচারী সমিতির নেতারা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সভাপতি অধ্যাপক আজম খান এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ নৈরাজ্য বিরোধী কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।