চুক্তি ছাড়াই শেষ জাতিসংঘের দীর্ঘতম জলবায়ু সম্মেলন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ধরনের নতুন কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ৩১। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে অর্থায়নের প্রশ্নে গভীর মতবিরোধের কারণে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। খবর বিবিসি। 

তুরস্কে অনুষ্ঠিত এবারের সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতায় পৌঁছানোর আশায় আলোচনা গড়ায় রবিবার (২২ নভেম্বর) পর্যন্ত। এর মধ্য দিয়ে এটি জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে।

তবে শেষ পর্যন্ত যে চুক্তির খসড়া তৈরি হয়, তাতে জীবাশ্ম জ্বালানির সরাসরি উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ আপত্তি জানায়। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হিসেবে বিবেচিত কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার নিয়ে স্পষ্ট অবস্থান না থাকায় তারা চুক্তিটি মেনে নিতে পারেনি।

অন্যদিকে, অনেক উন্নয়নশীল ও দরিদ্র দেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও এর সঙ্গে খাপ খাইয়ে নিতে ধনী দেশগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট অর্থায়নের প্রতিশ্রুতি না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে।

২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলনের পর এবারই প্রথম কোনো কপ সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতা এভাবে ভেস্তে গেল।

মেয়াদ শেষ হওয়ার আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এটিই শেষ কপ সম্মেলন। তিনি এ  আলোচনার ব্যর্থতায় গভীর হতাশা প্রকাশ করেছেন। 

সম্মেলনের সহ-আয়োজক দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ব্যর্থতার জন্য বর্তমান ‘জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিকে’ দায়ী করেছেন।

এর আগে সোমবার প্রকাশিত চুক্তির প্রথম খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দটি ছয়বার উল্লেখ করা হয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলো এতে আপত্তি জানায়। 

অন্যদিকে, রাশিয়া কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার নিয়ে ‘স্লোগাননির্ভর অবস্থান’ না নেওয়ার আহ্বান জানায়। দেশটির দাবি, খুব দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দিলে অনেক দেশে জ্বালানির অভাব দেখা দিতে পারে এবং মানুষ জ্বালানি কেনার সামর্থ্য হারাতে পারে। সম্মেলনের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন জলবায়ু আন্দোলনকারীরাও।