৫ ডিসেম্বরই শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা 

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা নেই। ফলে আগামী ৫ডিসেম্বরই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৮ নভেম্বর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার আদেশ দেওয়া হয়।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে চেম্বার আদালত বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেন।

ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের পথ খুলেছে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর, ‘বিজ্ঞান ইউনিট’-এর ১২ ডিসেম্বর, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ১৯ ডিসেম্বর, ‘চারুকলা ইউনিট’-এর ২২ ডিসেম্বর এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

‘আইবিএ ইউনিট’ ছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।