পুণ্যার্থীবাহী বোট বিকল, ২৯ জনকে নিরাপদে উদ্ধার

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে আটকা পড়েন ২৯ জন পুণ্যার্থী। পরে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে রওনা হয় পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাংসংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে। মাঝনদীতে আটকা পড়ে বিপাকে পড়েন বোটে থাকা পুণ্যার্থীরা।

এ অবস্থায় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের দুবলা আউটপোস্টের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পুণ্যার্থীদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, জনসেবায় কোস্ট গার্ড সব সময় নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।