পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুখিনস্কি ইভগেনি বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদারি প্রতিষ্ঠান। অ্যাটমটেকএনার্গোতে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রিন সিটিতে দায়িত্বরত কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, সোমবার দীর্ঘক্ষণ ওই রুশ নাগরিকের কোনো সাড়াশব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে ওই নাগরিকের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ওসি আসাদুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।