কালই ফায়সালা, মানুষের ভোটে আপ্লুত মাহি

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ মডেল-অভিনেত্রী সামিরা খান মাহির অংশ নেয়ার বিষয়টা বেশ নাটকীয়। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন তিনি। এরপর মাত্র এক দিনের প্রস্তুতি নিয়ে ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন। আগামীকাল ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আয়োজন। 

দেশের বাইরে থেকেও যে লাখ লাখ মানুষের ভালোবাসা ও সমর্থন তার সঙ্গে রয়েছে, তা নতুন করে উপলব্ধি করলেন এই প্রতিযোগী। প্রিলিমিনারি রাউন্ড শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, প্রায় ৮ কোটি ভোটের সমর্থন তাকে আবেগাপ্লুত করেছে। ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘প্রায় ৮ কোটি ভোটের এই অভাবনীয় সমর্থন শুধু একটি সংখ্যা নয়, এটি আমার প্রতি আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং বাংলাদেশের মানুষের এক বিশাল আবেগের প্রতিফলন।’

দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও প্রতিটি মুহূর্তে দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন অনুভব করছেন বলে জানান মাহি। তার ভাষায়, এই যাত্রায় তিনি একা এলেও প্রতিটি মুহূর্তে অনুভব করেছেন, তার সঙ্গে রয়েছে পুরো বাংলাদেশ। মানুষের প্রতিটি ভোট, বার্তা ও দোয়া তাকে আরও সাহসী করেছে।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে চান জানিয়ে মাহি আরও লিখেছেন, ‘আমি জানি, আপনারা আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখছেন। আমিও মন থেকে চাই আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে। পোস্টের শেষাংশে দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি আমার দেশের মানুষকে। তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি।’