বিশ্বের সুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে বড় আয়োজন মিস ইউনিভার্স প্রতিযোগিতা। আর কিছুদিন পরেই বসবে এর ৭৫তম আসর। কিন্ত এরইমধ্যে বিতর্ক শুরু হয়েছে প্রতিযোগিতাটি ঘিরে। চূড়ান্ত পর্ব বসার কথা পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে। ভিসা জটিলতা, ফ্র্যাঞ্চাইজি বিরোধ, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে একাধিক দেশের প্রতিযোগী। সব মিলিয়ে ১৫টি দেশ এবারের আসরে অংশ নিচ্ছে না।
প্রতিযোগিতার আয়োজনে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৌন্দর্য প্রতিযোগিতাটিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এশিয়ার ছয়টি দেশের অংশগ্রহণ বাতিল হওয়ার পেছনে ফ্র্যাঞ্চাইজি নিয়ে করপোরেট বিরোধের বিষয়টি সামনে এসেছে।
মিস ইউনিভার্স অস্ট্রিয়ার প্রতিনিধি ভিক্টোরিয়া আমেরসন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে আপস না করা এবং নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকে সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ভিক্টোরিয়া বলেন, এই যাত্রায় তিনি নিজেকে নতুনভাবে চিনেছেন এবং কোন বিষয়গুলো মেনে নেবেন, আর কোনগুলো নেবেন না, তা শিখেছেন। তার ভাষায়, মুকুট কিংবা পরিচয়পত্র না থাকলেও নিজের শক্তি ও অর্জনই তাকে বিজয়ীর মর্যাদা দেয়।
অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন মিস ইউনিভার্স বুলগেরিয়ার প্রতিনিধি আনা-মারিয়া। আয়োজকদের বিবৃতিতে জানানো হয়েছে, শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তার পক্ষে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিযোগিতার চেয়ে প্রতিযোগীর স্বাস্থ্য ও সুস্থতাকে বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছে তারা।
ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন সেন্ট মার্টিনের প্রতিনিধি ম্যাডলি মারিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে অনেক ভাবনাচিন্তার পর এই যাত্রা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
এশিয়ার ছয়টি দেশের অংশগ্রহণ বাতিল হওয়া এবারের প্রতিযোগিতায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া ফ্র্যাঞ্চাইজি ও করপোরেট বিরোধের কারণে এবারের আসরে অংশ নিতে পারছে না
তবে প্রতিযোগিতায় অংশ নিতে না পারলেও এসব দেশের প্রতিনিধিরা নিজেদের জাতীয় খেতাব ধরে রাখতে পারবেন বলে জানানো হয়েছে। আগামী বছর ৭৬তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজক দেশ হিসেবে থাকছে ভিয়েতনাম।
ভিসা জটিলতা ও যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণেও কয়েকটি দেশ এবারের আসরে অংশ নিতে পারছে না। এর মধ্যে রয়েছে নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্র।
এ ছাড়া মালদ্বীপের প্রতিনিধি আমিনাথ ইউইন মোহাম্মদ এবং মরক্কোর প্রতিনিধি সারা আল্লালিও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে তাদের প্রত্যাহারের কারণ আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি।