ইতিহাস-ঐতিহ্যের ছোঁয়ায় নতুন রূপ পাবে জাতীয় স্টেডিয়াম

দেশের ক্রীড়াঙ্গনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে নতুনভাবে সাজানো হবে ঢাকার জাতীয় স্টেডিয়াম। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে স্থান পাবে স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়াঙ্গনের স্মরণীয় অর্জনের ইতিহাস। পাশাপাশি কৃতী খেলোয়াড়দের অবদান ও স্মৃতি সংরক্ষণেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় স্টেডিয়ামকে আরও আধুনিক, আকর্ষণীয় ও খেলাধুলাবান্ধব করে গড়ে তুলতে এমন পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় এসব পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানান, জাতীয় স্টেডিয়ামের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কার করা হবে। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস ও ঐতিহ্যকে যথাযথভাবে উপস্থাপনের মাধ্যমে স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়া হবে। এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন আইসিসি ট্রফি জয়। দেশের ক্রীড়াঙ্গনে যেসব খেলোয়াড় অসামান্য অবদান রেখেছেন, তাঁদের স্মৃতিও সংরক্ষণ করা হবে। নতুন প্রজন্ম যেন দেশের ক্রীড়াঙ্গনের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারে, সেই লক্ষ্যও রয়েছে এ উদ্যোগের পেছনে।

জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় এসব পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অন্যদিকে, জাতীয় স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনায় নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারেও উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এদিন নিরাপত্তাকর্মীদের মধ্যে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ সুশৃঙ্খল নয়। সেখানে মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে দোকান বসানোর মতো সমস্যাও রয়েছে। এসব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। জাতীয় স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও ঐতিহ্য সংরক্ষণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস ও গৌরবের স্মারক হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রীড়া স্থাপনা।