পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ঘিরে উৎসবের আমেজ ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকায়। ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে শনিবার বিকেল থেকেই স্টেডিয়ামে আসতে শুরু করেন বাংলাদেশ দলের সমর্থকরা। ম্যাচ শুরুর আগেই গ্যালারি ভরাতে দেখা যায় ফুটবলপ্রেমীদের। রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচ শুরুর কথা থাকলেও দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে প্রবেশের আহ্বান জানিয়েছিল পুলিশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচে প্রবেশপথে বিশৃঙ্খলা ও গেট ভেঙে দর্শকদের ঢোকার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়।
স্টেডিয়ামের বাইরেও ছিল সমর্থকদের সরব উপস্থিতি। বাংলাদেশ দলের জার্সি ও জাতীয় পতাকা বিক্রিতে বেড়েছে ব্যস্ততা। জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান ফটকের সামনে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল লাল—সবুজের জার্সি। পছন্দের জার্সি কিনতে বিক্রেতাদের সঙ্গে দরদাম করতেও দেখা যায় সমর্থকদের। পতাকা বিক্রিও ছিল বেশ জমজমাট। এক বিক্রেতা জানান, বাংলাদেশ খেলছে বলেই অন্য দিনের তুলনায় বিক্রি বেড়েছে। দুপুরের পর থেকে ক্রেতাদের ভিড় আরও বাড়তে শুরু করেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশের ৪—০ গোলের দাপুটে জয় সমর্থকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানকে হারাতে পারলে দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই স্বপ্ন নিয়েই স্টেডিয়ামে হাজির হয়েছেন হাজারো সমর্থক।
জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কাজের সূত্রে ঘনিষ্ঠভাবে যুক্ত কয়েকজনও এসেছেন দলকে সমর্থন জানাতে। তাদের কণ্ঠে ছিল একটাই প্রত্যাশা—জয় চাই বাংলাদেশের। তাদের একজন আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বাংলাদেশ অন্তত দুই গোলের ব্যবধানে জিতবে। ফরহান আলী ওয়াহিদ ও হামজা চৌধুরীর কাছ থেকে গোলের প্রত্যাশাও করেন তিনি।
ধানমন্ডি থেকে খেলা দেখতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইফাত জাহানও আশাবাদী। তার মতে, হামজা চৌধুরী ও শমিত সোম গোল করতে পারেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ফরহানের দুর্দান্ত একক প্রচেষ্টায় করা গোলটি বিশেষভাবে মুগ্ধ করেছে তাকে। ইফাত বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার ফরহানের গোলটি সবারই ভালো লেগেছে। সারাদিন খেলোয়াড়দের কাছাকাছি থাকার অভিজ্ঞতাও দারুণ ছিল। আজ তারা ভালো খেলবেন এবং গোল করবেন, এমন প্রত্যাশা তার।
এদিকে আগের ম্যাচের বিশৃঙ্খলা এড়াতে এবার নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নিয়েছে কর্তৃপক্ষ। স্টেডিয়ামে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শকদের প্রবেশের সারিও বাড়ানো হয়েছে, যাতে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি না হয়।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ঘিরে জাতীয় স্টেডিয়ামে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ২৩ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্ন আর ২১ বছর পর ফাইনালে ফেরার হাতছানি—দুই প্রত্যাশা সামনে রেখে লাল—সবুজের সমর্থকরা অপেক্ষায় ছিলেন মাঠের লড়াইয়ের।