চার পেসারের একাদশে মিরাজ নেই, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম টেস্টে হার, তার ওপর মূল একাদশের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের অনুপস্থিতি। সব মিলিয়ে কঠিন সময় যাচ্ছে বাংলাদেশ দলের। জোহানেসবার্গে ৯ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছেন নাজমুল হোসেন শান্তরা। আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজে সমতা ফেরাতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। এমন সমীকরণ সামনে রেখে একাদশে চারজন পেসার নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল।

বৃষ্টির কারণে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ১:৪০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫:৪০) শুরু হচ্ছে ম্যাচ। ম্যাচ অফিশিয়ালরা জানিয়েছেন, সব মিলিয়ে আজ ৬০ ওভার খেলা হবে (স্থানীয় সময় সন্ধ্যা ৬:০০ পর্যন্ত)

প্রথম টেস্টে বাঁ কুঁচকিতে ব্যথা অনুভব করা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ছিটকে গেছেন। ডান কনুইয়ের পুরোনো চোট আবার ফিরে আসায় দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে হাসান মাহমুদেরও। আজকের ম্যাচে এই দুটি পরিবর্তন অবধারিতই ছিল। তার সঙ্গে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন জাকের আলী, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম। অর্থাৎ ৪ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা খেলতে না পারায় নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বাভুমার জায়গায় ফিরছেন টনি ডি জর্জি। আর পেস আক্রমণে ডেন প্যাটারসনের পরিবর্তে খেলবেন আনরিখ নরকিয়া। দীর্ঘদিন চোটের কারণে টেস্টের বাইরে থাকা এই গতিতারকার প্রত্যাবর্তন বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বাড়তি চ্যালেঞ্জ। বিশেষ করে সেঞ্চুরিয়নের গতি ও বাউন্সি উইকেটে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও নরকিয়ার সম্মিলিত আক্রমণ সামলানো সহজ হবে না।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, ইবাদত হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকার একাদশ

এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন, মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।