সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে একশোও হলো না বাংলাদেশের স্কোর। বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে ৯১ রানেই গুটিয়ে গেছে হৃদয়-লিটনরা। দক্ষিণ আফ্রিকায় এটা বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন। প্রথম ইনিংসে সর্বনিম্ন। সুপার স্পোর্ট পার্কেও কোনো টেস্টের প্রথম ইনিংসে এটা সর্বনিম্ন।
বৃষ্টির জন্য প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া টেস্টে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ৯ বলে তার ব্যাট থেকে আসে ৩ রান। এরপর মাহফিজুল আহমেদ ও মুমিনুল হক মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে স্বস্তির সেই জুটি দীর্ঘস্থায়ী হয়নি। ৬৯ বলে ৩৪ রান যোগ করার পর আনরিখ নরকিয়ার গতির কাছে পরাস্ত হন মাহফিজুল। ৪০ বলে ৪টি চারে ২৩ রান করে বোল্ড হন তিনি।
মাহফিজুলের বিদায়ের পর ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু নরকিয়ার পরের বলেই অফ স্টাম্প হারান তিনি। দুই বলের ইনিংসে চার রান করেই ফিরতে হয় তাকে। এরপর ব্যাটিংয়ে নেমে বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যান হৃদয়। নরকিয়ার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ তুলে দিলেও অল্পের জন্য রক্ষা পান তিনি।
অন্য প্রান্তে টিকে থাকলেও স্বচ্ছন্দ ছিলেন না মুমিনুল। একাধিকবার ক্যাচ দিয়ে বেঁচেছেন, এলবিডব্লুর আবেদন থেকেও রক্ষা পেয়েছেন কিন্তু ইনিংস বড় না করে ভিয়ান মুল্ডারের বলে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৫১ বলে ২টি চারে ১৮ রান করেন তিনি। ক্রিজে তখন হৃদয়ের সঙ্গে লিটন। প্রথম টেস্টের পর এবারও দুজনের ব্যাটে বিপর্যয় সামলানোর স্বপ্ন দেখে সফরকারীরা। কিন্তু হতাশ করেন লিটন। ৮ রান করে আউট হন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পরের ওভারে থামেন হৃদয়ও। ৪২ বলে ১৯ রান করেন তিনি।
চা বিরতির পর আউট শরীফুল ইসলামও। ৮৯ রানে নিজেদের সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।
চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে টানতে পারেননি মুশফিকুর রহিমের জায়গায় দলে ঢোকা জাকের আলিও। কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হলেন তিনি। ২০ বলে ১ রান করেন জাকের।
এরপর তাসকিন আহমেদ এবং সবশেষে মার্কো ইয়ানসেনের বলে বড় শটের চেষ্টায় সাইমন হার্মারের হাতে ধরা পড়েন খালেদ। মাত্র ৩৩.৩ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩.৩ ওভারে ৯১ (তানজিদ ৩, রবিন ২৩, মুমিনুল ১৮, শান্ত ৪, হৃদয় ১৯, লিটন ৮, জ্কের ১, শরিফুল ২, তাসকিন ২, খালেদ ০, এবাদত ০*; রাবাদা ৯-৪-২৩-৩, ইয়ানসেন ১০.৩-৪-১৭-৩, নরকিয়া ৬-৩-১০-২, মুল্ডার ৬-০-১৫-১, হার্মার ২-০-১৭-১)