ইমরানের হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা চিকিৎসকের

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে কয়েক দিনের মধ্যেই তার হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে বলে গত রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্র্রতিবেদনে বলা হয় ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান।

সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান। জরুরি চিকিৎসা না পেলে কারাগার থেকে জীবিত বের হতে পারবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ৩০ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন ডা. ফয়সাল। তার ভাষ্য, ইমরানের বর্তমান শারীরিক পরিস্থিতিতে দ্রুত কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসায় বিলম্ব হলে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ডা. ফয়সাল বলেন, কোনো রোগীর রক্তচাপ এত বেশি থাকলে তিনি একেবারেই দেরি করতেন না। এক বা দুই দিনের মধ্যে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাতেন। কয়েক দিনের মধ্যেই রক্তচাপ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।

তিনি জানান, দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগলে হৃদযন্ত্র ও কিডনির ওপর মারাত্মক চাপ পড়ে। এ ছাড়া চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত চাপের বিপরীতে রক্ত সঞ্চালন বজায় রাখতে গিয়ে হৃদযন্ত্রের পেশি অস্বাভাবিকভাবে পুরু হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে।

গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে ইমরান দাবি করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে। পাশাপাশি তিনি উচ্চ রক্তচাপেও ভুগছেন। ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে প্রতিদিন সর্বোচ্চ ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাকক্ষে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ওই দিন একটি মামলায় ইমরান ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদ- দেওয়া হয়েছিল। দীর্ঘদিন একাকী বন্দি থাকার কারণেই তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে মনে করেন তিনি।

ডা. ফয়সাল ইমরান খানের প্রতিষ্ঠিত শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী।