ইরান বলেছে, তারা তাদের সব ধরনের সক্ষমতা ও কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ মোকাবিলা করবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষায় যেকোনো পন্থা অবলম্বনের অধিকার একটি রাষ্ট্রের রয়েছে। গতকাল সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ প্রত্যয় ব্যক্ত করেন।
ইরান আরও বলেছে, যুদ্ধ শেষ করার জন্য তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারা জাতিসংঘের দলকে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করার অনুমতি দেবে না।
বলা হচ্ছে, এই মার্কিন নৌ-অবরোধ ইরানকে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে হামলা চালিয়ে যুদ্ধের সূচনা ঘটায়। এর পরপরই ইরান বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি প্রায় কার্যকরভাবে বন্ধ করে দেয়। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস রপ্তানি হতো, কিন্তু তা বন্ধ হয়ে যাওয়ার বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায় আর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।
এর জেরে ১৩ এপ্রিল ইরানের বন্দরগুেেলার বিরুদ্ধে নৌ-অবরোধ আরোপ করে দেশটির তেল রপ্তানিতে বাধ সাধে যুক্তরাষ্ট্র। পরবর্তী সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি খসড়া সমঝোতা হওয়ার পর জুনে নৌ-অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু খসড়া সমঝোতা ভেস্তে যাওয়ার পর ১৪ জুলাই ফের তা বহাল করে মার্কিন নৌবাহিনী।
সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ‘আমরা এই অবরোধ কোনোভাবেই সহ্য করব না আর। মার্কিন এই আগ্রাসন মোকাবিলায় আমাদের সব ধরনের উপায় ব্যবহার করব।’ তিনি বলেন, ‘এই নৌ-অবরোধকে একটি সামরিক আগ্রাসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে আত্মরক্ষার জন্য হাতের কাছে থাকা যেকোনো উপায় ব্যবহার করার অধিকার ইরানের রয়েছে।’