ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে নয়াদিল্লিতে। এই বৈঠকে নেপালের জন্য প্রায় ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন প্যাকেজ ঘোষণা দিয়েছেন মোদি।
নিজ দেশের উন্নয়নের জন্য ৩৫ বছর বয়সী শাহর যে দৃষ্টিভঙ্গি, মোদি তার প্রশংসা করে বলেছেন, নেপালের জনগণ চলতি বছর তাকে যে ঐতিহাসিক সমর্থন দিয়েছে তা নতুন প্রজন্মের আশা-আকাক্সক্ষারই প্রতিফলন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে মোদি বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে শাহকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক মাস আগে তিনি যখন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, তখনই আমরা তার দূরদর্শিতা ও বিচক্ষণতার স্পষ্ট আভাস পেয়েছিলাম।’
মোদি আরও বলেন, ‘ভারত ও নেপাল কেবল প্রতিবেশীই নয়, বরং দেশ দুটি বিশ্বাস ও বন্ধুত্বের গভীর বন্ধনে আবদ্ধ।’
এ সময় নেপালের সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, ‘নেপালের পুনর্গঠন ও উন্নয়ন সহায়তার জন্য আমরা ২৪ হাজার কোটি নেপালি রুপি মূল্যের একটি উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।’
নয়াদিল্লি দীর্ঘদিন ধরে নেপালে জ্বালানি, সার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করে আসছে আর চলতি বছর গুরুতর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এসব পণ্যের সরবরাহ অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন মোদি।
শাহ তার বক্তব্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে উষ্ণ আতিথেয়তার জন্য ভারতকে ধন্যবাদ জানান। তিনি মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।
শাহ ভারত ও নেপালের মধ্যকার গভীর সম্পর্ক থাকার কথা উল্লেখ করে এটিকে ‘ঘনিষ্ঠ ও আন্তরিক বন্ধন’ বলে বর্ণনা করেন। তিনি দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যকার সংহতি, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার চেতনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘নেপাল ও ভারতের মধ্যকার সম্পর্ক হিমালয়ের মতো অটল এবং মহাসাগরের মতো বিশাল। আমাদের এই ঘনিষ্ঠতা এতটাই গভীর যে কেবল শব্দ দিয়ে তা প্রকাশ করা প্রায় অসম্ভব।’
বৈঠকে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব চুক্তির আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন এবং নতুন কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসব উদ্যোগের মধ্য দিয়ে ভারত-নেপাল সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ভারত ও নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত রয়েছে। ফলে দুই দেশের নাগরিকরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারেন। ঐতিহাসিকভাবে নেপালের ওপর ভারতের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে ভূখ-গত বিরোধ এবং নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে।
অন্যদিকে, গত কয়েক বছরে নেপালে নিজেদের প্রভাব ও উপস্থিতি বাড়িয়েছে চীন। দেশটিতে বিমানবন্দর, মহাসড়ক এবং জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করেছে বেইজিং। চীনের ক্রমবর্ধমান প্রভাব সত্ত্বেও স্থলবেষ্টিত নেপাল জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে দুই দেশের জ্বালানি সহযোগিতা এখন ক্রমেই দ্বিমুখী রূপ নিচ্ছে।