নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হাতে খুন হয়েছেন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনার সময় কনস্টেবল আনোয়ারের সঙ্গ ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তারকে ক্লোজ করা হয়েছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান।
এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাসেমবাগ এলাকায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল দুপুর নাগাদ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, হত্যাকা-ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এদিকে ময়নাতদন্ত শেষে আনোয়ারের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
গত রবিবার রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হাসেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার মোল্লা ও এএসআই আব্দুস সাত্তার। এ সময় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িত একটি গ্রুপের সদস্যরা তাদের চিনে ফেলে। পরে আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার পালিয়ে প্রাণে রক্ষা পান।
এদিকে সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে আনোয়ারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তার মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা আনোয়ারের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। নিহতের বড় ভাই শাহাবুদ্দিন বলেন, ‘আনোয়ার সবার আদরের ছিল। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। তার স্ত্রীও দুইটা সন্তান আছে। তাদের কী হবে।’
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকা-ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
এদিকে গত ৯ মাসে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অন্তত একডজন হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন একাধিক সদস্য, ছিনিয়ে নেওয়া হয়েছে আসামি, এমনকি লুট হয়েছে পুলিশের অস্ত্রও।