উপকূলের ২৪ উপজেলার উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার

উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বন্যা সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থে উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর বস্তিবাসীর জীবনমান উন্নয়নে আরও ৫০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

গতকাল সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

ড. আবদুল মঈন খান বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা ও জীবিকাকে টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় এ অর্থ ব্যয় করা হবে। উপকূলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি ভৌত অবকাঠামো ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে ঢাকার বস্তি উন্নয়নে ‘সøাম ইমপ্রুভমেন্ট ইন ঢাকা সিটি’ নামে ৫০ মিলিয়ন ডলারের একটি মডেল প্রকল্প নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে রাজধানীর কড়াইল, ভাসানটেকসহ কয়েকটি বস্তি এলাকা বিবেচনায় রয়েছে। এসব এলাকার এক বা দুটি বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলা এবং নগরকে আরও বাসযোগ্য করে তুলতে নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে মডেল প্রকল্প তৈরি করে এ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।