চট্টগ্রামে নাসীরুদ্দীন পাটোয়ারী

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিয়ে মাফ চাইতে হবে

জাতীয় নাগরিক পাটি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গেছি, তার মানে এই নয় যে, আপনার যত অপরাধ আছে, সেই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে বাড়ব। বাংলাদেশে যদি ঐক্য হতে হয় তাহলে বিএনপিকে মুচলেকা দিতে হবেÑ ‘বাবা ভুল করেছি, মাফ করে দাও, আমি গণরায় বাস্তবায়ন করব।’ গতকাল সোমবার চট্টগ্রামে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, তলোয়ারের সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না বাংলাদেশে। জুলাই সনদের ভিত্তিমূল হবে বাংলাদেশে ঐক্যের চাবিকাঠি। বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকব, শহীদ ওসমান হাদীর ত্যাগ, জুলাই হত্যাকা-ের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমাদের সংলাপের মুলা ঝুলাবেন না। আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি। এই নিউমার্কেট সাক্ষী আছে, আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাইয়ের চোখ চলে গিয়েছিল, হাত হারিয়েছিল। এই চট্টলা থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা সেই চট্টলায় দাঁড়িয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিচ্ছি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যখন আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, এরপর শহীদ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় জুলাইয়ের ডাক দিয়েছিলেন। সেই ডাকের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে আমাদের ব্যারিকেড করতে হবে। যদি গঙ্গায় পানি না আসে, বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য চলবে না, বাংলাদেশে কোনো ভারতীয় কাজ করতে পারবে না।

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা ও গঙ্গা চুক্তিতে বাংলাদেশে ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিমের সঞ্চালনায় সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।