জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালের পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দক্ষিণ ও উত্তর কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে কুতুবখালী খালের এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঢাকা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। এর আগেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে, এমনকি আমি দায়িত্ব নেওয়ার পরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি করপোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।

দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড় (গোলাপবাগ-সংলগ্ন) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী) পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কার ও পুনঃখনন করা হবে। আগামী দুই মাসের মধ্যে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি (সøাজ) অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে।

ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসার পাশাপাশি জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হবে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।