হাতিরঝিলে প্রবাসীকে গুলি, রিকশাচালককে ছুরিকাঘাত

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডে দুর্বৃত্তের গুলিতে ও ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেনÑ অটোরিকশাচালক মো. শরীফ (২৮) ও কাতারপ্রবাসী সানাউল্লাহ গনি বাবু (২৫)। গতকাল সোমবার দুপুরে ওয়াপদা রোডের বাগিচারটেক কাদিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও গুলিবিদ্ধ বাবু চিকিৎসাধীন আছেন।

আহত বাবু ও তার সঙ্গে থাকা পরিচিতরা জানান, বাগিচারটেকে একটি গলির রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখন স্থানীয় সুজন গ্রুপের হাসিব, নুরু, হাসানসহ ১০-১২ জন মিলে আগ্নেয়াস্ত্র ও চাপাতি দিয়ে তাদের দুজনের ওপর আক্রমণ করে। এতে তার বুকের বাম পাশে একটি গুলিবিদ্ধ হয়। এ ছাড়া জখম হয় ডান হাতের তালু ও ডান পায়ের পাতা। দীর্ঘদিন কাতারে ছিলেন জানিয়ে বাবু বলেন, দেড় মাস আগেই দেশে আসি। এরপর অটোরিকশা চালানো শুরু করি। তারা ২৬ হাজার টাকা ও ফোন ছিনিয়ে নিয়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।