হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজনে বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়।

আদেশের পর ঢাবির আইনজীবী কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন দেশ রূপান্তরকে বলেন, ‘আপিল বিভাগ ভর্তি পরীক্ষার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছে। এ বিষয়ে হাইকোর্টের একটি রুল ছিল। আপিল বিভাগ বলছে, সেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো আইনি বাধা নেই।’

এদিকে একই বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া স্থগিত বা বাধাগ্রস্ত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কেটে গেছে। তিনি বলেন, হাইকোর্টের দুটি অন্তর্বর্তী নির্দেশনার মধ্যে ছিল, ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন পোর্টাল খোলা রাখা এবং এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখা। আপিল বিভাগ দুটি নির্দেশনাই স্থগিত করেছে।

সম্প্রতি জনস্বার্থে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা। আবেদনের যুক্তিতে তিনি বলেন, এবার এইচএসসি পরীক্ষায় প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে ফেল করেছে। সরকার তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে এবং এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। ফলে, ২৩ ডিসেম্বরের আগেই তিনটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে যাবে। ফলে এক বা দুই বিষয়ে পরীক্ষার সুযোগ যারা পাচ্ছে তাদের আসলে পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। তাদের আরও এক বছর অপেক্ষা করতে হবে। এতে তারা হতাশায় ভুগবে।

রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত বুধবার হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশসহ রুল দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও ঢাবি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সোমবার (গতকাল) শুনানির দিন ধার্য করে।

গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনা হয়। যদিও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের পরীক্ষা পেছানোর অনুরোধ না রাখার বিষয়ে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাবির এই ঘোষণার পর থেকে ভর্তি পরীক্ষা নিয়ে টানাপড়েন সৃষ্টি হয়। যা শেষ পর্যন্ত আদালতে গড়ায়। তবে, ইউজিসির অনুরোধে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো সাড়া দিয়ে পরীক্ষা পেছাতে সম্মত হয়েছিল। যদিও পরে ইউজিসি তাদের অনুরোধ ফিরিয়ে নেয় এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় বিশ্ববিদ্যালয়গুলো স্বাধীনভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ভর্তি আবেদনের সময়সীমা বাড়াল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। ফল পরিবর্তনের কারণে নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ দিতে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।