আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল সেতুর পিলার

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার কারখানা ও পুরনো কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র তাপে পিলারের কংক্রিট খসে ভেতরের রড বেরিয়ে আসায় ওই অংশে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। নিরাপত্তার স্বার্থে পিলারটির ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

গত ১৯ নভেম্বর দিনগত রাত সোয়া তিনটার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশনসংলগ্ন প্যারাডাইস সিটি এলাকায় এ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একপর্যায়ে গাড়ির পানি ফুরিয়ে গেলে পাশের পুকুর থেকে পানি নিয়ে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কারখানা ও মার্কেটের অনেক মালামাল পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নজরে আসার পরপরই ট্রেনের গতিসীমা কমিয়ে দেওয়া হয়। গত ২১ নভেম্বর সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. সুবক্তগীন ঘটনাস্থল পরিদর্শন করে পিলারের ক্ষয়ক্ষতি ও রেল চলাচলের নিরাপত্তা পর্যবেক্ষণ করেন। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিসীমার নির্দেশনা বহাল রয়েছে।