 খেলাপি ঋণ

অর্থনীতির দুর্বহ বোঝা আর নয়

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং টেলিভিশন ব্যক্তিত্ব মার্ক কিউবান বলেছেন, ‘সবার আগে আপনার ঋণ পরিশোধ করুন, এটি আপনাকে নিশ্চিত মুনাফা এনে দেবে। ঋণমুক্ত থাকা অর্থ উপার্জনের চেয়েও বেশি মূল্যবান।’ তার এই উক্তির ঠিক বিপরীত চিত্রই আমাদের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বহুলাংশে দৃশ্যমান। ২৪ নভেম্বর ‘ব্যাংক ঋণের ৩৪ শতাংশই খেলাপি ও ঝুঁকিতে’ শিরোনামে দেশ রূপান্তরে প্রকাশিত বার্তাটি এক্ষেত্রে আমাদের সমাজের অনাকাক্সিক্ষত সাদৃশ্য ফের সামনে নিয়ে এসেছে। ব্যাংক ঋণের অপরিহার্যতা অনস্বীকার্য। ব্যক্তির, শিল্পের এমন কি রাষ্ট্রের প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেওয়া অনুচিত কিছু নয়, বরং যথাসময়ে পরিশোধ না করাটা অন্যায়। প্রতিবেদনে উঠে এসেছে ব্যাংক ঋণের খেলাপি ও ঝুঁকির চিত্র, যা কোনোভাবেই দেশের অর্থনীতির জন্য স্বস্তির নয়। বলা হয়েছে, দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন খেলাপি ও শ্রেণিকৃত। গত সেপ্টেম্বরের শেষে এ ধরনের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণ বেড়ে হয়েছে প্রায় ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকা।

ব্যাংক খাতের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ঋণ বিতরণে সামান্য প্রবৃদ্ধির বিপরীতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ বাড়ছে। বিশেষ করে শ্রেণিকৃত ঋণের ৯২ শতাংশের বেশি মন্দ বা ক্ষতিকারক পর্যায়ে চলে যাওয়ায় ঋণ আদায়ের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর সঙ্গে বিপুল অঙ্কের প্রভিশন ঘাটতি যুক্ত হয়ে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ ঋণ দেওয়ার সামর্থ্যরে ওপর বাড়তি চাপ তৈরি করছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সরকারের আমলেও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। তাতে প্রতীয়মান হয়, ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম-দুর্বলতার প্রভাব এখনো কাটেনি। আমাদের অভিজ্ঞতায় আছে, রাজনৈতিক প্রভাব ও সুশাসনের ঘাটতির কারণে ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতার পারদ ঊর্ধ্বমুখী হয়। এর ফলে ব্যাংকগুলোতে তারল্যসংকট সৃষ্টি হয় এবং এর অভিঘাত লাগে জাতীয় অর্থনীতিতে। শুধু তা-ই নয়, তাতে বেসরকারি খাতে ঋণপ্রবাহও কমে যায় এবং নতুন বিনিয়োগ পড়ে প্রতিবন্ধকতার মুখে। আমরা জানি, অতীতে নানা কায়দা-কৌশলে ব্যাংক খাতের প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল রাখার অপপ্রবণতা ফিরে ফিরে বিতর্ক সৃষ্টি করলেও সরকারের সংবিৎ ফেরেনি। জাতীয় সংসদেও এ নিয়ে বাগবিত-া কম হয়নি, কিন্তু জাতীয় এই সমস্যাটি যে তিমিরে ছিল তা আরও গভীরে ডুবেছে।  

আমরা মনে করি এ জন্য, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করার যেমন বিকল্প নেই তেমনি খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল না করে দ্রুত ঋণ আদায়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয়। যুক্তরাষ্ট্রের লেখক, সাহিত্যিক ও শিক্ষাবিদ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স যিনি সর্বাধিক পরিচিত মার্ক টোয়েইন ছদ্মনামে, তিনি বলেছেন,  ‘ব্যাংকার হলেন এমন একজন ব্যক্তি, যিনি রোদ উঠলে আপনাকে ছাতা ধার দেবেন আর বৃষ্টি শুরু হলেই তা ফেরত চাইবেন’। কিন্তু আমাদের ব্যাংকাররা এই ধার দিয়ে ক্রমাগত অনেক ক্ষেত্রেই পড়ছেন বিপাকে। প্রাচীন ভারতীয় দার্শনিক, রাজ-উপদেষ্টা, প্রাচীন তক্ষশীলা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত এবং অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী হিসাবেও খ্যাত সেই চাণক্য ঋণ সম্পর্কে বলেছেন, ‘ঋণ, অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই; কারণ তারা আবার বেড়ে যেতে পারে’। তার এই দূরদর্শী উক্তির যথার্থ সাক্ষ্য বহন করছে আমাদের বিদ্যমান বাস্তবতা।

আমরা মনে করি, খেলাপি ঋণ দেশের ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য যে ভয়াবহ রূপ ধারণ করেছে, যা থেকে উত্তরণে সুশাসন প্রতিষ্ঠা এবং কঠোর-নির্মোহ আইনি পদক্ষেপ গ্রহণ সময়ের গুরুত্বপূর্ণ দাবি। আইনি দীর্ঘসূত্রতা কাজে লাগিয়ে ঋণখেলাপিরা অর্থনীতিতে যে ক্ষত সৃষ্টি করেছেন এর প্রতিষেধক যথাযথ না হলে এ নিয়ে সব কথাই হবে ‘অরণ্যে রোদন’। আমরা মনে করি, অর্থ ঋণ আদালত আইন আরও কঠোর ও যুগোপযোগী করে দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া জরুরি এবং এর পাশাপাশি জরুরি রাজনৈতিক অঙ্গীকারও। অর্থনীতির এই দুর্বহ বোঝা আর বয়ে বেড়ানো সমীচীন হবে বলেও আমরা মনে করি না।