আশ্রয় সংকুচিত, নিরাপত্তাহীনতার ছায়া বিস্তৃত

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৮৬ সালে প্রথম পরিযায়ী পাখির আগমনের তথ্য পাওয়া যায়। পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে ২০১৪ সালে ক্যাম্পাসকে অভয়ারণ্য ঘোষণা করা হলেও জলাশয়গুলোর পরিবেশ কতটা নিরাপদ রাখা গেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে পাখির উপস্থিতি কমে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে, পাশাপাশি গবেষণায় দেখা গেছে, জলাশয় ব্যবস্থাপনার ধরন পাখির প্রজাতির বৈচিত্র্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। বিশ^বিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ মৌসুমে যেখানে প্রায় ছয় হাজার পাখি এসেছিল, ২০২৫-২৬ মৌসুমে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় দেড় হাজারে। এ ছাড়া ২০২৫ সালে প্রকাশিত বাংলাদেশ জুলজিক্যাল সোসাইটির এক গবেষণায় দেখা গেছে, জাবির তুলনামূলকভাবে কম ব্যবস্থাপিত জলাশয়গুলোতে পাখির বৈচিত্র্য বেশি। ওই গবেষণায় অবকাঠামো উন্নয়ন, দূষণ এবং মানুষের নানা কর্মকাণ্ডকে পাখির আবাসস্থলের ওপর চাপ সৃষ্টির সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জলাশয়ে মাছ চাষ, জলজ উদ্ভিদ অপসারণ, অতিরিক্ত মানুষের চলাচল এবং উচ্চ শব্দের মতো বিষয়গুলোও পাখির স্বাভাবিক বিচরণে বাধা সৃষ্টি করতে পারে। তবে কোন উপাদানটি ঠিক কতটা প্রভাব ফেলছে, তা নির্দিষ্টভাবে জানতে নিয়মিত পর্যবেক্ষণ ও গবেষণা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব শুধু পাখির মৌসুমি আগমন ঘিরে উৎসব বা আয়োজন করা নয় বরং সারা বছর জলাশয়গুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা। তবে জলাভূমি ও পরিযায়ী পাখির এই সংকট কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয় বরং পুরো দেশেই একই চিত্র ফুটে উঠছে। একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুবৈচিত্র্যের পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, খরা এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির ফলে দেশের প্রাকৃতিক জলাভূমিগুলোর চরিত্র বদলে যাচ্ছে; অন্যদিকে দ্রুত নগরায়ণ, আবাসন ও শিল্পকারখানা সম্প্রসারণের চাপে বিপন্ন হচ্ছে হাওর, বাঁওড়, বিল ও নদী অববাহিকার প্রতিবেশব্যবস্থা। বিশেষ করে সাভার ও আশুলিয়ার মতো এলাকায় নির্বিচারে জলাভূমি ভরাট ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে শিল্পবর্জ্য, প্লাস্টিক দূষণ এবং কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার জলাশয়ের পানিকে বিষাক্ত করে তুলছে। এসব জলাভূমি সংকুচিত ও দূষিত হয়ে পড়ায় পাখির খাদ্যচক্র ভেঙে পড়ছে আর স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক ভারসাম্যও পড়ছে মারাত্মক ঝুঁকিতে।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বৈশ্বিক পরিযায়ী পাখির গুরুত্বপূর্ণ উড়ালপথের (ফ্লাইওয়ে) অন্তর্ভুক্ত হওয়ায় এ দেশের জলাভূমিগুলোর গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়েও অপরিসীম। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা পাখিদের বিশ্রাম, খাবার সংগ্রহ ও শীতকালীন আশ্রয়ের জন্য বাংলাদেশের উপকূল, চর ও অভ্যন্তরীণ জলাশয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও আবাসস্থল ধ্বংসের কারণে সেই নিরাপদ আশ্রয় ক্রমেই সংকুচিত হচ্ছে। ২০২৬ সালের মে মাসে প্রকাশিত রয়্যাল সোসাইটি বি-এর এক গবেষণায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় ২০ প্রজাতির পরিযায়ী তীরচর পাখির ওপর পর্যবেক্ষণ চালানো হয়, যেখানে ১২টি প্রজাতিরই সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাজনক প্রবণতা ধরা পড়ে। অর্থাৎ জাবি থেকে শুরু করে দেশের উপকূলীয় অঞ্চল পর্যন্ত পাখির আবাসস্থলের এই সংকট একটি বৃহত্তর জাতীয় ও বৈশ্বিক পরিবেশগত বিপর্যয়েরই অংশ। সাম্প্রতিক গবেষণা ও জরিপগুলোতেও সারা দেশে জলাভূমি হারানো এবং জীববৈচিত্র্যের ওপর তার নেতিবাচক প্রভাবের স্পষ্ট প্রমাণ মিলেছে। ২০২৬ সালের এপ্রিলে প্রকাশিত কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সাময়িকীর এক গবেষণায় ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের জলাভূমির পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে, যেখানে জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা চাপে সামগ্রিকভাবে জলাভূমি হ্রাসের উদ্বেগজনক চিত্র উঠে আসে। অন্যদিকে ২০২৬ সালের জানুয়ারিতে মেঘনা মোহনার ৫৩টি স্থানে পরিচালিত এক জরিপে ৬৩ প্রজাতির ৪৭ হাজার ১৫৭টি জলচর পাখির উপস্থিতি পাওয়া গেছে, যা প্রমাণ করে যে দেশের উপকূলীয় ও নদীমাতৃক জলাভূমিগুলো এখনো বিপুলসংখ্যক পাখির শেষ আশ্রয়স্থল হিসেবে টিকে আছে। তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং দখল-দূষণ রোধ করে দেশের এই অবশিষ্ট জলাভূমিগুলো রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত জলাশয় ব্যবস্থাপনায় পরিবেশগত বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। মাছ চাষ, জলাশয় সংস্কার বা নতুন অবকাঠামো নির্মাণের আগে পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব যাচাই করতে হবে। জলাশয়ের পানি, জলজ উদ্ভিদ ও পাখির খাবারের উৎস যেন নষ্ট না হয়, তা নিশ্চিত করা। পাশাপাশি শীত মৌসুমে পাখির বিচরণক্ষেত্রে দর্শনার্থীদের চলাচল ও শব্দ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে পাখির প্রজাতি ও সংখ্যা নিয়ে নিয়মিত জরিপ চালাতে হবে, যাতে পরিবর্তনের কারণ শনাক্ত করে সময়মতো পদক্ষেপ নেওয়া যায়। জাতীয় পর্যায়েও জলাভূমি ভরাট ও দখল বন্ধে কঠোর নজরদারি জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিশ্ববিদ্যালয়, গবেষক ও পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জলাভূমি সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ জলাভূমি রক্ষার সুফল শুধু পাখিরা পায় না, এর সঙ্গে মানুষের পরিবেশ, জীবিকা ও প্রাকৃতিক নিরাপত্তাও সরাসরি জড়িত। পরিযায়ী পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কৃষি ও জলজ প্রতিবেশব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। তাই তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা নিছক সৌন্দর্য রক্ষার বিষয় নয়, পরিবেশের স্বার্থেই জরুরি। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন যদি জলাভূমি ও জীববৈচিত্র্য ধ্বংসের বিনিময়ে হয়, তবে তার চড়া মূল্য শেষ পর্যন্ত মানুষকেই বহন করতে হবে। জলাভূমি রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয় আরও সংকুচিত হবে আর তখন শীতের অতিথিদের ফিরে আসার অপেক্ষা থাকলেও তাদের জন্য নিরাপদ আবাস আর অবশিষ্ট থাকবে না।

লেখক : সাংবাদিক

[email protected]

সর্বশেষ সর্বাধিক পঠিত