ভালোবাসা নাকি মনোযোগের মোহ

কারও মেসেজের অপেক্ষায় থাকা, ফোনে তার নাম ভেসে উঠতেই মুখে হাসি কিংবা উত্তর দিতে দেরি হলে মন খারাপ  এসব কি ভালোবাসার লক্ষণ?  অন্য কারও কাছ থেকে পাওয়া মনোযোগের প্রতি তৈরি হয়েছে নির্ভরশীলতা।

কাউকে ভালো লাগলে তার কাছ থেকে একটুু বেশি মনোযোগ প্রত্যাশা অস্বাভাবিক নয়। কখন মেসেজ দেবেন, কখন উত্তর আসবে, আপনার কথা শুনে তিনি কতটা খুশি হলেন এসব বিষয়ও ভাবনায় আসে। কিন্তু কখনো কি মনে হয়েছে, তার সামান্য অবহেলায় মন খারাপ হয়ে যাচ্ছে, আবার একটু মনোযোগ পেলেই হতাশা কেটে যায়। এমন হলে নিজের অনুভূতি নিয়ে একটু ভাবা প্রয়োজন। কীভাবে বুঝবেন, আপনি ভালোবাসার চেয়ে মনোযোগের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন?

মেজাজ নির্ভর করে তার উত্তরের ওপর

 যদি আপনার ভালো থাকা বা মন খারাপের বিষয়টি নির্ভর করে তিনি কত দ্রুত উত্তর দিচ্ছেন কিংবা কতটা গুরুত্ব দিচ্ছেন, তাহলে বুঝতে হবে মনোযোগের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন। নিজের মানসিক প্রশান্তি অন্য কারও হাতে তুলে দেওয়া উচিত নয়।

তার বার্তাগুলো বেশি মনে পড়ে

নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই মানুষটির সঙ্গে কথা বলা মিস করছেন, নাকি নিয়মিত খোঁজখবর পাওয়ার অভ্যাসটিই বেশি মনে পড়ছে? তার পাঠানো সকালের শুভেচ্ছা, ছোট ছোট বার্তা কিংবা প্রশংসার কথাগুলো হয়তো আপনাকে বিশেষ অনুভূতি দেয়। কিন্তু তার ভাবনা, পছন্দ-অপছন্দ বা জীবনের গল্প জানার প্রতি আপনার তেমন আগ্রহ না থাকে, তাহলে অনুভূতি নিয়ে ভাবা প্রয়োজন।

অপছন্দের বিষয়গুলো এড়িয়ে চলেন

হয়তো আপনাদের দুজনের চিন্তাভাবনা, মূল্যবোধ বা ভবিষ্যৎ পরিকল্পনায় পার্থক্য রয়েছে। কিন্তু তিনি যখন আপনার প্রশংসা করেন বা বিশেষ গুরুত্ব দেন, তখন সেই অমিলগুলো আর চোখে পড়ে না। তার মনোযোগ ধরে রাখতে গিয়ে নিজের পছন্দ-অপছন্দও আড়াল করতে শুরু করেন। কারও কাছে পছন্দের মানুষ হয়ে ওঠার চেয়ে দুজনের মধ্যে প্রকৃত বোঝাপড়া ও সামঞ্জস্য থাকা বেশি গুরুত্বপূর্ণ। স্বীকৃতি পাওয়ার আশায় নিজের মূল্যবোধ বিসর্জন দেবেন না।

তিনি দূরে গেলে আকর্ষণ বেড়ে যায়

তিনি যখন নিয়মিত যোগাযোগ রাখেন, তখন আপনি নিশ্চিন্ত থাকেন। কিন্তু হঠাৎ যোগাযোগ কমিয়ে দিলে কিংবা আগের মতো গুরুত্ব না দিলে তাকে নিয়ে আপনার ভাবনা বেড়ে যায়। অনেক সময় অনিয়মিত যোগাযোগ উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করে, যা মানুষটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিতে পারে। তবে এই অস্থিরতাকে গভীর ভালোবাসা ভেবে ভুল করবেন না।

পছন্দ-অপছন্দ নিয়েই বেশি ভাবেন

আপনাকে কেমন দেখায়, তিনি আপনাকে যথেষ্ট আকর্ষণীয় মনে করেন কি না কিংবা আপনার কোনো কথায় তিনি কষ্ট পেলেন কি না এসব নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভাবেন। তার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে গিয়ে নিজের স্বাভাবিক আচরণও বদলে ফেলেন। কিন্তু ভেবে দেখেছেন, তার সঙ্গে সময় কাটিয়ে আপনি কতটা আনন্দ পান? তার সান্নিধ্যে নিজেকে স্বাভাবিক ও স্বচ্ছন্দ মনে হয়, নাকি সব সময় তার পছন্দমতো হওয়ার চেষ্টা করেন? একটি সুস্থ সম্পর্কে শুধু অন্যের অনুমোদন পাওয়াই গুরুত্বপূর্ণ নয়। নিজের অনুভূতি, পছন্দ-অপছন্দ ও মানসিক স্বস্তির মূল্যও সমান।

ভালোবাসা মনোযোগের চাহিদা এক নয়

কারও কাছ থেকে মনোযোগ, প্রশংসা কিংবা ভালোবাসা পেতে চাওয়া মানুষের স্বাভাবিক অনুভূতি। কিন্তু সেই মনোযোগের ওপর নিজের ভালো থাকা নির্ভরশীল হয়ে পড়লে সম্পর্কের প্রকৃত অর্থ হারিয়ে যেতে পারে। তাই আপনি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন, দুজনের মধ্যে কতটা বোঝাপড়া এবং নিজের মতো করে থাকার সুযোগ পাচ্ছেন কি না, ভেবে দেখুন। ভালোবাসা মানে শুধু কারও মনোযোগ পাওয়া নয়; বরং একে অপরকে বোঝা, সম্মান করা এবং সম্পর্কের মধ্যে নিরাপদ ও স্বস্তিতে থাকা।