ডিনার ওয়াগন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ এএম

ডিনার ওয়াগন বা সার্ভিং ট্রলি আধুনিক গৃহসজ্জার একটি ব্যবহারিক আসবাব। খাবার, পানীয়, চায়ের সরঞ্জাম কিংবা থালা-বাসন এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করার জন্য এর ব্যবহার শুরু হয়। ত্রিশের দশকে ইউরোপে এ ধরনের আসবাবের জনপ্রিয়তা বাড়তে থাকে। ১৯৩৫ সালে ব্রিটিশ আসবাবশিল্পী জেরাল্ড সামার্স তার প্রতিষ্ঠান মেকার্স অব সিম্পল ফার্নিচারের জন্য আধুনিক নকশার একটি ডিনার ওয়াগন তৈরি করেন। পরবর্তীতে এই ওয়াগন ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্যবহার ও নকশার ভিত্তিতে ডিনার ওয়াগনের কয়েকটি ধরন রয়েছে। যেমন টি ট্রলি বা চায়ের ওয়াগন, সার্ভিং ট্রলি, বার ট্রলি, ফোল্ডিং ওয়াগন এবং মাল্টি-টিয়ার ওয়াগন। কোনোটি চা-কফি পরিবেশনের জন্য, কোনোটি পানীয় ও গ্লাস রাখার জন্য, আবার কোনোটি খাবার ও বাসনপত্র বহনের কাজে ব্যবহার হয়। সাধারণত কাঠ, প্লাইউড, ধাতু, কাচ ও অ্যাক্রিলিক দিয়ে এগুলো তৈরি করা হয়। দুই বা তিনটি তাক, হাতল ও চাকার সমন্বয়ে তৈরি এই আসবাব সহজে সরানো যায়। বর্তমানে বাড়ি, রেস্তোরাঁ, হোটেল ও অতিথি আপ্যায়নে এই আসবাবের ব্যবহার বেশ জনপ্রিয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত