প্রাণিসম্পদ খাতে অবদানে পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

প্রাণিসম্পদ খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ পদক প্রদান করা হবে। তাদের দেওয়া হবে স্বর্ণ ও রৌপ্য পদক। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব পদক প্রদান করা হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব তথ্য জানান। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সারা দেশে উদযাপিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং পদক তুলে দেবেন। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমিন উর রশিদ বলেন, তিন দিনব্যাপী এ আয়োজনে প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা ও সম্ভাবনা তুলে ধরা হবে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। প্রাণিসম্পদ উন্নয়নে অবদান রাখা ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর মধ্যে আট ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হবে। এর আটটিতে স্বর্ণপদক এবং ১৫টিতে রৌপ্য পদক প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পদক দেওয়া হবে।

মন্ত্রী জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে ২৩টি পদক প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। এই পদক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদান করবেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বর্তমানে দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। এ ছাড়া কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ অবদান রয়েছে। এ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা।

মন্ত্রী আরও বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে এসব উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।