বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় সংকটে পড়েছে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানা। কমেছে উৎপাদন সক্ষমতার ব্যবহার, নতুন কর্মী নিয়োগ এবং মূলধনী যন্ত্রপাতি কেনায় বিনিয়োগ। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাপ্রতি যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। একই সময়ে প্রকৃত শিল্প উৎপাদন কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলনে কক্ষে এক অনুষ্ঠানে ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম পর্যায়ের জরিপের ফল প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক। জরিপে দেশের ১৪টি শিল্প খাতের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
জরিপের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে প্রকৃত শিল্প উৎপাদন শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে। তবে সব কারখানায় উৎপাদনের পরিস্থিতি এক রকম ছিল না। তুলনাযোগ্য উৎপাদন তথ্য পাওয়া ১০১টি কারখানার মধ্যে ৪০টির উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে, ৩০টি কারখানায় উৎপাদন ৫ শতাংশের বেশি কমেছে। খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্রশিল্প। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। বিপরীতে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
কমেছে উৎপাদন সক্ষমতার ব্যবহারও। ২০২৫ সালে কারখানাগুলো গড়ে তাদের সক্ষমতার ৬৭ শতাংশ ব্যবহার করলেও ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে তা নেমে এসেছে ৬৬ শতাংশে। সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করেছে এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। বস্ত্র খাতে সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে।
শিল্প উৎপাদনে বড় বাধা হয়ে উঠেছে জ্বালানি সংকট। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোতে দৈনিক বিদ্যুৎ বিভ্রাটের সময় বেড়ে ৪ দশমিক ১ ঘণ্টায় দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের তুলনায় দ্বিগুণ। অন্যদিকে, পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘেœর সময় শূন্য দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টা হয়েছে। বিদ্যুৎ সরবরাহের মান নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে দাঁড়িয়েছে। গ্যাস সরবরাহের ক্ষেত্রে এ হার ৭০ শতাংশ থেকে নেমে এসেছে ১৭ শতাংশে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বিনিয়োগনির্ভর ও কর্মসংস্থানমুখী উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ জন্য ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার পরিবর্তন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ব্যবসা-বাণিজ্যকে হয়রানিমুক্ত ও সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়েই জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে।
বিসিআই সভাপতি আনোয়ারুল আজিম বলেন, বাংলাদেশের শিল্প খাতের প্রকৃত অবস্থা, সক্ষমতা, উৎপাদনশীলতা ও চ্যালেঞ্জ বুঝতে তথ্যভিত্তিক ম্যানুফ্যাকচারিং সূচক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই দেশে এ ধরনের একটি সূচকের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। কারণ, শিল্প খাত নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করতে গেলে অনেক সময় অনুমাননির্ভর তথ্যের ওপর নির্ভর করতে হয়। নিরপেক্ষ ও নির্ভরযোগ্য তথ্য থাকলে সরকারের কাছে শিল্পের সমস্যা তুলে ধরা এবং কার্যকর নীতি প্রণয়ন সহজ হয়।
বিআইডিএস মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক বলেন, দেশের শিল্প খাতের তথ্যগুলো একটি কাঠামোর মধ্যে এনে শিল্পের গতিপ্রকৃতি বোঝার লক্ষ্যেই ‘বাংলাদেশ ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প খাতের সঠিক তথ্য প্রকাশের জন্য এ ধরনের ইনডেক্স থাকা জরুরি। ইনডেক্স না থাকলে বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে তথ্য বা পরিসংখ্যান উপস্থাপন করতে পারে। এতে শিল্প খাত, শ্রমিকসহ সংশ্লিষ্ট যেকোনো পক্ষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই নিরপেক্ষ ও দৈবচয়নের ভিত্তিতে জরিপ পরিচালনার মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরাই তাদের উদ্দেশ্য।