ছয় মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব হারাচ্ছে এলআর গ্লোবাল

এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের কাছ থেকে ছয়টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রতিষ্ঠানটির করা আবেদনও নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় রিভিউ আবেদন খারিজের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগ করা হয়েছিল। এ বিনিয়োগের কারণে সংশ্লিষ্ট ফান্ডগুলোর ইউনিটহোল্ডাররা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

এ পরিস্থিতিতে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে ছয়টি ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় বিএসইসি। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি পুনর্বিবেচনার আবেদন করলেও কমিশন তা গ্রহণ করেনি। ফলে আগের সিদ্ধান্তই কার্যকর থাকছে।

এলআর গ্লোবালের ব্যবস্থাপনার বাইরে চলে যেতে যাওয়া ছয়টি মেয়াদি মিউচুয়াল ফান্ড হলো এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।