সাবিনা-ঋতুপর্ণাকে নিয়ে তিন ক্লাবের লড়াই

নারী ফুটবল লিগের নতুন মৌসুম সামনে রেখে তারকা খেলোয়াড়দের দলে ভেড়াতে ব্যস্ত সময় পার করছে দেশের তিন ক্লাব এআরকে, চাঁদপুর স্পোর্টিং ক্লাব ও বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুনের প্রত্যাবর্তন, ঋতুপর্ণা চাকমার দলবদল এবং রাজশাহীর বড় ধরনের দল পুনর্গঠন ঘিরে জমে উঠেছে এবারের দল গড়ার লড়াই।

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা নারী ফুটবল লিগ। এখনো কোনো ক্লাবের সঙ্গে খেলোয়াড়দের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। তবে বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে মৌখিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে। সাবিনা খাতুনকে কেন্দ্র করে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা করছে এআরকে। গত মৌসুমে খেলতে না পারা সাবিনা এবার লিগে ফিরছেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তার সঙ্গে দলে দেখা যেতে পারে জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন, নিলুফা ইয়াসমিন নীলা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, মাতসুশিমা সুমাইয়া ও তোহুরা খাতুনকে। সাবিনা ও মাসুরা সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে লিগে খেলেছিলেন। সেবার দলকে শিরোপাও জিতিয়েছিলেন তারা। পরবর্তী মৌসুমে খেলেননি দুজন। মালদ্বীপের লিগে নিজেদের দায়িত্ব শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি দেশে ফেরার কথা তাদের।

অন্যদিকে জাতীয় দলের তারকা ঋতুপর্ণা চাকমাকে দলে নিতে আগ্রহী চাঁদপুর স্পোর্টিং ক্লাব। এ ছাড়া কৃষ্ণা রানী সরকার ও শিউলি আজিমকেও দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। ক্লাবটির ম্যানেজার মারুফ হোসেন শিকদার জানিয়েছেন, ঋতুপর্ণা, শিউলি আজিম, কৃষ্ণা রানীসহ জাতীয় দলের কয়েকজন তারকার সঙ্গে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হয়েছে। পাশাপাশি মানসম্মত বিদেশি ফুটবলার দলে নেওয়ারও চেষ্টা চলছে। গত মৌসুমে শিরোপাজয়ী রাজশাহীর হয়ে খেলেছিলেন ঋতুপর্ণা। এবার তার সম্ভাব্য দলবদল এবং ফুটসাল ও বিদেশের প্রতিযোগিতায় খেলার পর কৃষ্ণা রানীর ঘরোয়া ফুটবলে ফেরার বিষয়টি চাঁদপুরকে শিরোপার অন্যতম দাবিদার করে তুলতে পারে। গত মৌসুমের শিরোপা ধরে রাখতে অবশ্য প্রস্তুত রাজশাহী স্টার্সও। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় দল ছাড়লেও গোলরক্ষক রুপনা চাকমা, ডিফেন্ডার আফেইদা খন্দকার ও মিডফিল্ডার স্বপ্না রানীকে ধরে রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রেও নতুন করে দল সাজাতে চায় রাজশাহী। নেপালের বিমলা বিক ও দীপা শাহিকে হারানোর পর এবার নেপাল ও আফ্রিকার ফুটবলারদের দিকে নজর দিচ্ছে তারা। এই দুই নেপালি ফুটবলারের প্রতি চাঁদপুরেরও আগ্রহ রয়েছে বলে জানা গেছে। গত আসরের রানার্সআপ ফরাশগঞ্জ এখনো খেলোয়াড় সংগ্রহের কাজ শুরু করেনি। তবে তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে মনিকা চাকমা ও মারিয়া মান্দার এআরকেতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নারী ফুটবল লিগে অংশ নিতে যাওয়া ক্লাবগুলোর চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এবার দলের সংখ্যা ১০ থেকে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন আবেদনকারী ক্লাবগুলোকে ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। এরপর বাফুফের ফার্স্ট ইনস্ট্যান্স বডি ক্লাবগুলোর লাইসেন্সিং আবেদন যাচাই করে চূড়ান্ত অংশগ্রহণকারী তালিকা নির্ধারণ করবে। সাবিনার প্রত্যাবর্তন, ঋতুপর্ণার সম্ভাব্য দলবদল আর রাজশাহীর শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ সব মিলিয়ে নতুন মৌসুম শুরুর আগেই জমে উঠেছে নারী ফুটবলের দলবদলের লড়াই।