সূর্যবংশীতে বিশ্বরেকর্ড তছনছ

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটবিশ্বকে রীতিমতো স্তব্ধ করে দিলেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। গতকাল মঙ্গলবার কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংস খেলার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি ও দ্রুততম ডাবল সেঞ্চুরিসহ একগাদা বিশ্বরেকর্ড নিজের দখলে নিয়েছেন ভারত ‘এ’ দলের এ বাঁহাতি ওপেনার।

 ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আমিরাতের বোলারদের ওপর তাণ্ডব চালান সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলের বিশ্বরেকর্ড। সেঞ্চুরির পর যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি; পরের ১০০ রান তুলতে খেলেন মাত্র ২৪ বল! ফলে ৫২ বলেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী, যা ভেঙে দিয়েছে নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের গড়া ১০৩ বলের দ্রুততম দ্বিশতকের রেকর্ড।

 ১৬ ইনিংসের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি সূর্যবংশীর মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। তবে এই এক ইনিংসের পর লিস্ট ‘এ’ ক্রিকেটের চারটি দ্রুততম মাইলফলকের সবকটিই এখন তার দখলে দ্রুততম ফিফটি (১১ বল, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে), দ্রুততম সেঞ্চুরি (২৮ বল), দ্রুততম ১৫০ (৪০ বল, নিজের গড়া ৫৯ বলের আগের রেকর্ড ভেঙে) এবং দ্রুততম ডাবল সেঞ্চুরি (৫২ বল)।

ইনিংসে মোট ২৮টি ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ডও নতুন করে লিখেছেন সূর্যবংশী। এর আগে ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ডার্সি শর্ট ২৩টি ছক্কা মেরেছিলেন। ম্যাচের ১৩তম ওভারেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, আর তার ৫৩ বলে ২০৪ রানের সুবাদে ভারত ‘এ’ দল ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় মাত্র ১৪.২ ওভারেই।

ম্যাচ শেষে সূর্যবংশীর এমন ব্যাটিং নিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মাও। তিনি বলেন, ‘ওর প্রশংসা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। এককথায় এটি ছিল স্রেফ ধ্বংসযজ্ঞ। ও যেভাবে খেলছিল, প্রথম পাঁচ ওভারেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল পাঁচ ওভারেই আমাদের রান ১০০ ছাড়িয়ে যায়। সবাই জানে ও কত বড় ছক্কা মারতে পারে। ডাগআউট থেকে সবাই চিৎকার করে বলছিল, ‘আরও মারো, আরও মারো’। বল চার হলে কেউ সেদিকে তাকাচ্ছিলও না, সবার দাবি ছিল শুধু ছক্কা! দেখার মতো অসাধারণ এক ইনিংস ছিল এটি।’