সেঞ্চুরিয়নে দিশেহারা বাংলাদেশ

সেঞ্চুরিয়নে বাংলাদেশ দলের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারছেন না সফরকারীরা। উইকেট পাওয়ার সুযোগ তৈরি হলেও কখনো ক্যাচ হাতছাড়া, কখনো রিভিউয়ের ব্যর্থতায় সবই আক্ষেপে পরিণত হচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটসম্যানের দৃঢ়তায় রানের পাহাড় গড়ছেস স্বাগতিকরা। অসহায় চোখে সেই আধিপত্য দেখছেন লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল দ্বিতীয় দিনশেষে ৭ উইকেটে ৪৯৪ রান তুলেছেন স্বাগতিকরা। প্রথম ইনিংসে ইতোমধ্যে ৪০৩ রানের লিড নিয়েছেন তারা। সেই লিড আরও বাড়িয়ে নিতে নতুন সাইমন হার্মারের সঙ্গে ৬৭ রান নিয়ে আজ তৃতীয় দিন ব্যাট করতে নামবেন মার্কো ইয়ানসেন। ম্যাচে ফেরার স্বপ্ন তো দূরের কথা, এখন ইনিংস ব্যবধানে পরাজয় এড়ানোই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৪৬ রানে অপরাজিত থাকা মার্কেস অ্যাকারম্যান দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। অন্য প্রান্তে জুবায়ের হামজাও দারুণ সঙ্গ দেন তাকে। দ্বিতীয় উইকেটে দুজনের ১২৯ বলে ৯৬ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। ৬১ বলে ২৭ রান করে মাহফিজুল ইসলাম রবিনের হাতে ক্যাচ দেন হামজা। তাতে স্বাগতিকদের রানের চাকা থামেনি, বরং আগের টেস্টে ১৫৭ রানের ইনিংস খেলা অ্যাকারম্যান আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। শরীফুল ইসলামের এক ওভারে পরপর চার মেরে ১১১ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। পরে শান্তর এক ওভারে দুটি চার ও দুটি ছক্কায় তুলে নেন ২০ রান।

দেড়শ রানের মাইলফলক স্পর্শ করার পরই অবশ্য থামতে হয় অ্যাকারম্যানকে। শরীফুল ইসলামের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এ ওপেনার। ১৩৮ বলে ২৩ চার ও চার ছক্কায় ১৫০ রান করেন অ্যাকারম্যান। মাত্র ১৩৭ বলে দেড়শ পূর্ণ করে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে দ্রুততম দেড়শ রানের রেকর্ডও গড়েন তিনি। পেছনে ফেলেন লুয়ান ডি প্রিটোরিয়াসকে। তার বিদায়ে স্বস্তি ফেরার সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

টনি ডি জর্জিকে ফিরিয়ে দেওয়ার একাধিক সুযোগ নষ্ট করে বাংলাদেশ দল। মাত্র ৭ রানে থাকতে তাসকিন আহমেদের ফিরতি ক্যাচের সুযোগ হাতছাড়া হয়। এরপর মুমিনুল হকের বলে রিভিউয়ের সহায়তায় দুবার বেঁচে যান তিনি। জীবন পেয়ে ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন এ ব্যাটার। মাঝে অবশ্য ম্যাথু ব্রিটস্কি (২০) ও রায়ান রিকেলটনকে (২০) ফিরিয়ে কিছুটা স্বস্তি এনে দেন খালেদ ও শরীফুল। তবু ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ দল।

অন্য প্রান্তে অবিচল ছিলেন ডি জর্জি। তার সঙ্গে জুটি বাঁধেন উইয়ান মুল্ডার। দুজনের ব্যাটিংয়ে আবারও চাপে পড়ে সফরকারী বোলিং আক্রমণ। কখনো আক্রমণাত্মক, কখনো ধীরস্থির ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন ডি জর্জি। মুল্ডারও ক্রিজে থিতু হয়ে রানের গতি বাড়াতে থাকেন। দুজনের ১৪৫ বলের ৯২ রানের জুটি ভাঙতে দীর্ঘ অপেক্ষা করতে হয় বোলারদের। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর সফলতার দেখা পান তাসকিন। উইকেটের পেছনে জাকের আলীর হাতে ধরে পড়েন ডি জর্জি। ১৩৭ বলে সাত চারে ৬৬ রান করেন তিনি।

এরপর মুল্ডার নিজের ইনিংস বড় করার পাশাপাশি নতুন ব্যাটসম্যান মার্কো ইয়ানসেনকে নিয়ে দলের সংগ্রহ বাড়াতে থাকেন। তাসকিনের ওভারে সিঙ্গেল নিয়ে ৮৭ বলে অর্ধশতক পূর্ণ করেন মুল্ডার। পরে ফিফটি তুলে নেন ইয়ানসেনও। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত আছেন তিনি। তবে সেঞ্চুরি তুলে নিয়ে দিনের শেষ ওভারে ১০০ রান করে আউট হন মুল্ডার। তুকে ফিরিয়েই টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেটের স্বাদ পান তাওহীদ হৃদয়।

এমন অবস্থায় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর দলকে। আপাতত সেই সম্ভাবনার চেয়ে ইনিংস পরাজয়ের শঙ্কাই বড় হয়ে দেখা দিচ্ছে সেঞ্চুরিয়নে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস : ৯১

দক্ষিণ  আফ্রিকা প্রথম ইনিংস (আগের দিন ৮৮/১): ৪৯৪/৭ (মারক্রাম ২১, অ্যাকারম্যান ১৫০, হামজা ২৭, ডি জর্জি ৬৬, ব্রিটস্কি ২০, রিকেলটন ২০, মুল্ডার ১০০,  ইয়ানসেন ৬৭*; তাসকিন ১/৬১, শরীফুল ২/৯৫, খালেদ ২/৮৮, এবাদত ১/৮৯, হৃদয় ১/৪৫।)