এত অভিযোগের পরও তিনি গুরুত্বপূর্ণ পদে!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের বিরুদ্ধে চাকরিজীবনের বিভিন্ন সময়ে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের কাছে অর্থ দাবির কারণে তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলাও হয়েছে। চট্টগ্রাম কাস্টমস থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মতিঝিল কাস্টমস হাউজে উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ দাবি করার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। একই বছর আখাউড়ায় একটি সুপারশপে অভিযান চালিয়ে পণ্য জব্দের ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়। সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বরে পণ্য খালাসে অনিয়ম ও চোরাচালানে সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে।

এসব অভিযোগের পরও মতিঝিল কাস্টমসে তার পদায়ন নিয়ে ব্যবসায়ী মহলে প্রশ্ন উঠেছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

রাজনৈতিক পরিচয় ও প্রভাব বিস্তারের অভিযোগ : প্রাপ্ত তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে আবদুল আহাদের সঙ্গে তৎকালীন কয়েকজন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমকে তিনি বড় বোন হিসেবে সম্বোধন করতেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি প্রশাসনিক সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়। প্রথমে তিনি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। আর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর তিনি বিএনপিপন্থি হিসেবে নিজেকে উপস্থাপনের চেষ্টা শুরু করেন।

চট্টগ্রাম কাস্টমসে দায়িত্ব পালনকালে বিক্ষোভ : ২০১৭ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে কাস্টমসের তৎকালীন সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে আবদুল আহাদের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটে। ১৬ জানুয়ারি কাস্টমস ক্লিয়ারেন্স ও ফাইল যাচাইসংক্রান্ত বিরোধের জেরে সিঅ্যান্ডএফ কর্মচারীরা তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটে। দৈনিক প্রথম আলোতে ২০১৭ সালের ২৬ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনার পর তাকে চট্টগ্রাম থেকে বদলি করা হয়।

পোস্তগোলায় অভিযানে অনিয়মের অভিযোগ : ২০২১ সালের মার্চে ঢাকা কাস্টমস গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে পোস্তগোলার একটি রেস্তোরাঁয় অভিযানের ঘটনা নিয়েও আবদুল আহাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযানের সময় সিসিটিভি ফুটেজে দলবল নিয়ে অনিয়ম, কর্মীদের মারধর এবং জব্দ করা পণ্যের হিসাবসংক্রান্ত অসংগতি দেখা যায়। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।

ব্যবসায়ীর কাছ থেকে অর্থ দাবির অভিযোগে মামলা : ২০২৪ সালের ২৫ জুন আরেকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কর, শুল্ক ও আবগারি বিভাগের উপকর কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে আবদুল আহাদের বিরুদ্ধে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করার অভিযোগ ওঠে। মো. রাশেদুল হক নামের ওই ব্যবসায়ী তার বিরুদ্ধে আদালতে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, অর্থ না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছিল।

আখাউড়ায় পণ্য জব্দ নিয়ে বিতর্ক : ২০২৪ সালের জুন মাসে আখাউড়ায় একটি সুপারশপে আবদুল আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুপারশপের বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। সুপারশপ কর্তৃপক্ষের দাবি ছিল, তারা সরকারি নিলামের মাধ্যমে বৈধভাবে পণ্য কিনেছিল। এরপরও পণ্য জব্দ করায় ব্যবসা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এ ঘটনায় জব্দ করা পণ্যের বৈধতা এবং অভিযানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।

ফৌজদারি মামলা চলমান থাকায় কাস্টমস কর্মকর্তার বিদেশযাত্রা নিয়ে তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয় :  কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর উপকমিশনার আবু হানিফ আবদুল আহাদের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার বর্তমান অবস্থা জানতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

চলতি বছরের ১ নভেম্বর জারি করা ওই চিঠিতে বলা হয়, আবু হানিফ আবদুল আহাদ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগোর সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনের বহিঃবাংলাদেশ ছুটির আবেদন করেছেন। তার আবেদনে ৩০ নভেম্বর সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।

তবে তার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৬তম আদালতে একটি ফৌজদারি মামলা চলমান রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। মামলাটির নম্বর সি.আর. ১৪৫/২০২১ (কদমতলী)।

এ অবস্থায় ওই কর্মকর্তার বিদেশযাত্রার ছুটির আবেদন নিষ্পত্তির জন্য মামলাটি নিষ্পত্তি হয়েছে কি না, সে বিষয়ে জরুরি ভিত্তিতে তথ্য পাঠাতে এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ জানায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

চিঠিতে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান।

মতিঝিল কাস্টমসে পদায়ন নিয়ে প্রশ্ন : বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্কের মুখে থাকা একজন কর্মকর্তাকে কীভাবে আবার মতিঝিল কাস্টমসে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে এ ক্ষেত্রে ব্যবসায়ীদের করা মামলার বর্তমান অবস্থা, আগের কর্মস্থলের অভিযোগ এবং নতুন করে জমা পড়া লিখিত অভিযোগের বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।