হাসনাত আব্দুল্লাহ বললেন

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডে ভারত ইন্ধন দিচ্ছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডে ভারত ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার আর কোনো সুযোগ নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এনসিপি আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে এই মোটরসাইকেল শোভাযাত্রা (র‌্যালি) করে এনসিপি। গতকাল দুপুুুুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র‌্যালি শুরু হয়।

র‌্যালি কর্মসূচিতে নেতৃত্ব দেন হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় ঘটেছে। এখন দেশের মূল লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি গণভোটের রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত।’

এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালি চলাকালে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন ধরনের সেøাগান দিতে দেখা যায়।

এনসিপি জানায়, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল র‌্যালি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুরে বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়েছে।