খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে বড় পরিবর্তন

খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে ডিলার নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে সরকার। আগের নীতিমালায় প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও সংশোধিত নীতিমালায় তা কমিয়ে ২৫০ জনে একজন করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়মের অভিযোগে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানার বিধান রাখার কথা বলা হয়েছে। এমনকি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকে খাদ্য সংগ্রহ, খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস কার্যক্রম, খাদ্যগুদামের ধারণক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য আইন সংশোধনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দ করা চাল বিতরণে বিশৃঙ্খলা পরিহারের লক্ষ্যে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের বিধান পরিবর্তন করা হয়েছে। আগে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও এখন তা পরিবর্তন করে প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগ দেওয়া হবে।

বৈঠকে জানানো হয়, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে।

বৈঠকে জানানো হয়, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যগুদামের ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বর্তমানে দেশের খাদ্যগুদামগুলোর মোট ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার টন। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে সারা দেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করা হয়। এ ছাড়া যেসব খাদ্যগুদাম অনেক পুরনো এবং ব্যবহার উপযোগী নয়, সেগুলো সরেজমিন পরিদর্শন করে বাতিল করার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে সেখানে নতুন খাদ্যগুদাম নির্মাণের কথাও বলা হয়।

খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ছত্রাকের ঝুঁকি কমাতে খাদ্যশস্য সংগ্রহের সময় সঠিক আর্দ্রতা বজায় রাখা এবং মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি খাদ্যগুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড স্ট্রাকচার ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এ ছাড়া নিরাপদ খাদ্য আইন ২০১৩ সংশোধনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, অভিযোগের পরিপ্রেক্ষিতে অথবা কর্র্তৃপক্ষের অনুসন্ধানে কোনো গুরুতর বিচ্যুতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা যাবে। জরিমানার অর্থ আদায় হলে আদায়কৃত অর্থের ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ারও প্রস্তাব করা হয়েছে।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষককে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনার পাশাপাশি ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধানের কথাও জানান খাদ্যমন্ত্রী।

বৈঠকে কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করে জনগণ, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ ছাড়া কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে কমিটির সভাপতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম এবং শামছুন্নাহার বেগমসহ খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।