মণিপুরীদের ‘মহারাসলীলা’

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের প্রধান ও সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘মহারাসলীলা’ পালিত হয়েছে। গতকাল বুধবার ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জে এটি পালিত হয়। মণিপুরী সম্প্রদায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী। এ বছর কার্তিক পূর্ণিমা তিথিতে কমলগঞ্জের মাধবপুরের জোড়ামন্ডপে মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী মহারাসলীলা নানা ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। বাংলাদেশ, ভারত ও বহির্বিশ্বের লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটে। মণিপুরী সম্প্রদায়ের পুণ্যস্থান কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে নানা সাজে সজ্জিত বিশাল ম-ন্ডগুলো হয়ে উঠেছিল লাখো মানুষের মিলনতীর্থ। নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্য আর ঢাক-ঢোল, মৃদঙ্গ, খোল, করতাল, শঙ্খধ্বনি রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখে ভক্ত-দর্শনার্থীদের।

মঙ্গলবার রাতে মাধবপুর জোড়াম-পের রাস উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

এর আগে দুপুরে মাধবপুরে রাখাল রাসলীলার মাধ্যমে শুরু হয় রাস উৎসব। এতে অংশগ্রহণকারী বালকরা রাখাল সেজে, মাথায় কারুকার্যখচিত ময়ূরপুচ্ছ সুশোভিত এবং হাতে বাঁশি নিয়ে শ্রীকৃষ্ণের বাল্য জীবনের ঘটনা ফুটিয়ে তুলেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানের পর রাতে শুরু হয় মাধবপুরের জোড়াম-পের তিনটি মন্ডপে এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে আরও দুটি মন্ডপে রাসলীলা। উভয় স্থানেই মণিপুরী নৃত্যশিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্যে মাতিয়ে রাখেন দর্শনার্থীদের। রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও ম-পগুলোর আশপাশে বসেছিল বিরাট মেলা।