চলতি শিক্ষাবর্ষে ৪১ আসন কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে কমানো হয়েছে ৪১টি আসন। ফলে কোটা বাদে বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ৩,৯৫৬টি আসনের স্থলে এবার ভর্তির সুযোগ পাবেন ৩,৯১৫ শিক্ষার্থী।

এ ছাড়াও বিশেষ কোটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬১টি, শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রতি বিভাগ/ইনস্টিটিউটে আসন সংখ্যার ২ শতাংশ, মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার জন্য প্রতি বিভাগের আসন সংখ্যার ৫ শতাংশ এবং খেলোয়াড় কোটায় (জাতীয় পর্যায়ে অভিজ্ঞতাসম্পন্ন) প্রতি বিভাগ/ ইনস্টিটিউটে আসন সংখ্যার ১ শতাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক সম্মান শ্রেণিতে বিভাগগুলোর আসন সংখ্যার তালিকা থেকে জানা গেছে, কিছু বিভাগে আসন সংখ্যা কমানো হয়েছে, আবার কিছু বিভাগে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। তবে সব মিলিয়ে নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ ও দুটি ইনস্টিটিউটে কমানো হয়েছে ৪১টি আসন।

তালিকায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১২টি বিভাগের অধীনে ৯২১টি আসনের মধ্যে চলতি বছর দর্শন বিভাগে ১০টি আসন কমানো হয়েছে। আইন অনুষদের দুটি বিভাগের ১৬০ আসন থেকে কমানো হয়নি। সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগের অধীনে ৬২০টি আসনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০টি ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ৬টি আসন কমানো হয়েছে। চারুকলা অনুষদের তিন বিভাগের ১২৫টি আসনের মধ্যে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের ছয় বিভাগের ৫০০ আসন থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০টি আসন কমানো হয়েছে। বিজ্ঞান অনুষদের নয় বিভাগের ৬২৫টি আসন থেকে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে কমানো হয়েছে ৫টি আসন। অন্যদিকে ৫টি আসন বাড়ানো হয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে। জীববিজ্ঞান অনুষদের ছয় বিভাগের ২৯৫টি আসনের মধ্যে ১০টি আসন কমানো হয়েছে মনোবিজ্ঞান বিভাগে। কৃষি অনুষদের দুই বিভাগের ১২০টি আসন অপরিবর্তিত রয়েছে। প্রকৌশল অনুষদের পাঁচ বিভাগে ২৫৬টি আসনের মধ্যে ৫টি আসন বাড়ানো হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। অপরিবর্তিত রাখা হয়েছে ভূ-বিজ্ঞান অনুষদের দুই বিভাগের ১৩৫টি আসন। কমানো হয়নি ফিশারিজ অনুষদের ফিশারিজ বিভাগের ৫০টি আসন থেকে। অন্যদিকে ৫টি আসন বাড়নো হয়েছে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে। এ ছাড়া অপরিবর্তিত রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের দুটি ইনস্টিটিউটের দুই অনুষদে ৯৪টি আসন।

জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের সময় বিকেল ৩টা থেকে ৪টা নির্ধারণ করা হয়েছে।

এ বছরের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।