নামের ভুলে ১৮ বছর কারাগারে অবশেষে প্যারোলে মুক্ত

দীর্ঘ ১৮ বছর কারাবাসের পর অবশেষে প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল ফরাজী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাগেরহাট জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে গ্রামের বাড়ি মোংলা পৌরসভার কুমারখালীর উদ্দেশে নিয়ে যায় পুলিশ। প্রায় দেড় যুগ পর বাদল নিজের বাড়িতে পৌঁছলে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে তার এই প্যারোলে মুক্তিতে খুশি হতে পারেননি পরিবারের সদস্যরা। তারা বাদলের স্থায়ী মুক্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। এর আগে গতকাল সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদলকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। দুপুর সোয়া ২টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থায় প্রিজন ভ্যানে করে বাগেরহাট জেলা কারাগারে পৌঁছেন বাদল ফরাজী। মায়ের অসুস্থতায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

ছেলেকে ফিরে পেয়ে মা শেফালী বেগম কান্নাভেজা কণ্ঠে বলেন, আমার ছেলের স্থায়ী মুক্তি চাই। ছেলে যেন বাকি জীবন আমার সঙ্গে থাকতে পারে সরকারের কাছে আমার এটাই আবেদন।

অন্যদিকে বাদলের বড় বোন আকলিমা বেগম বলেন, মা অসুস্থ থাকায় আমরা প্যারোলে মুক্তির  জন্য আবেদন করেছি। সরকার এক মাসের প্যারোল দিয়েছে, আমরা তা মেনে নিয়েছি। তিনি আক্ষেপ নিয়ে বলেন, আমার ভাই অপরাধী না নির্দোষ তা তো এখন সবাই জানেন। তারপরও কেন তাকে জেলে থাকতে হবে?

জানা গেছে, নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে দ-িত হওয়ার অভিযোগ নিয়ে প্রায় ১৮ বছর ধরে কারাগারে ছিলেন বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা বাদল ফরাজী। ২০০৮ সালে তাজমহল দেখতে পর্যটক ভিসায় ভারতে গিয়ে তিনি গ্রেপ্তার হন। পরে তাকে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যা মামলার আসামি ‘বাদল সিং’ হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার দেখানো হয়। অথচ বাদল ফরাজীর দাবি ছিল, তিনি সেই ব্যক্তি নন। পরে ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখে। প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দি ছিলেন বাদল। সেখানকার কারাগার থেকেই তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন।

পরবর্তী সময় ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা হয়। দেশে ফেরার পর তার মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

গাজীপুর জেলা প্রশাসক সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন মঞ্জুর করে। আদালত সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করে প্যারোল বা ফার্লো কার্যকরের নির্দেশনা দেয়।