রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড (গোষ্ঠী নিধন বা জাতিগত হত্যাকা-) চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
জেনোসাইড সংঘটনের দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের পর এই প্রথম মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল যুক্তরাজ্য।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখের বেশি মানুষ। আইসিজের রায়কে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ একমত হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, ‘জেনোসাইডের মতো চরম নৃশংস অপরাধের জবাবে আমাদের প্রতিক্রিয়ায় নিজস্ব মূল্যবোধের প্রতিফলন ঘটানো জরুরি এবং তা হতে হবে সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে।’ যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতাধীন মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতা হলেনÑ মায়ো হটুট হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সো এবং কিয়াও সোয়ার উ।
মিলিব্যান্ড বলেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কবলে পড়া মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং অসংখ্য নৃশংস ঘটনার জন্য সরাসরি দায়ী। কারণ ২০১৭ সালে জেনোসাইড চলার সময় তিনিই দেশটির সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। তিনি বলেন, ‘মিয়ানমারকে অবশ্যই চলমান নিপীড়ন বন্ধ করতে হবে; অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘মানবিক সহায়তা নির্বিঘেœ পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের পথে সংলাপ শুরু করা জরুরি।’