গণপূর্ত প্রতিমন্ত্রী বললেন

শেখ হাসিনার ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলার অবনতি হবে না

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটি বুঝতে হবে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কৌশল রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন ও সহিংসতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘যেটাকে কম গুরুত্ব দেওয়া দরকার, সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।’ দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমের বাইরে থাকা বিভিন্ন গণমাধ্যম সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। দেশে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার রয়েছেÑ উল্লেখ করে আহম্মদ সোহেল মনজুর বলেন, পৃথিবীর ইতিহাসে দেশ থেকে পালিয়ে যাওয়া কোনো রাষ্ট্রপ্রধানের ফিরে আসার নজির নেই।

শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার জন্য বিমান চাওয়ার বিষয়টিকে ভিত্তিহীন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব প্রস্তাব সম্ভব নয়, করেও কোনো লাভ হবে না। এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছারসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।