পলাতক শেখ হাসিনা বিএনপির তিন নেতাকে হত্যা করেছে : রিজভী

‘পলাতক শেখ হাসিনা বিএনপির তিন নেতাকে হত্যা করেছে’ এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক  নেতাকর্মীরা বিদেশে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সেখান থেকে দেশে অর্থ পাঠাচ্ছেন। তাদের তা-বে বিএনপির তিন নেতা হত্যার শিকার হয়েছেন।’

গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা সেখান থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য অর্থ পাঠাচ্ছেন। তাদের নির্দেশনায় কিছু সন্ত্রাসী ও কিশোরকে ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া, বিভিন্ন স্থাপনায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে।’

পলাতক শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘যারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের নির্দেশ দিচ্ছে, তারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’