নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা, আসামি ৭১ 

নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা শাহীন মোল্যা ও সোহেল মোল্যা হত্যার ঘটনায় ছয় দিন পর থানায় মামলা হয়েছে। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন হামলায় নিহত সোহেল মোল্লার ভাই জুয়েল মোল্লা। বিষয়টি নিশ্চিত করেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

কালিয়া থানা সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর রাতে মামলাটি রেকর্ড করা হয়। মামলার নম্বর ১২। এতে দণ্ডবিধির ৩০২/৩৪/১৪৩/১৪৪/৩৪১/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে মামলায় উল্লেখযোগ্য আসামি কারা, তা এখনো জানা যায়নি।

ওসি ইদ্রীস আলী জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল মিছিল চলাকালে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা। হামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের দাফন সম্পন্ন করা হয়।

২০ নভেম্বর নিহতদের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

এদিকে ঘটনার পর প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি এসআরবি মোতায়েন রয়েছে।