বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়ায় শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্লা (৪০) হত্যাকাণ্ডের শিকার হন। শাহীন কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সোহেল কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিপা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। তাদের দুজনের বাড়ি কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ স্বজনেরা অন্য কয়েকজনকে সঙ্গে নিয়ে বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও-চিত্র ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলেও দাবি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অপপ্রচারের মাধ্যমে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।