নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রথমবারের মতো পরিবেশবান্ধব কংক্রিট ব্লক (ইট) উৎপাদন শুরু হয়েছে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘হাতিয়া কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রিজ’ নামের কারখানাটিতে সোমবার (২৩ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়।
উপজেলার তমরদ্দি ইউনিয়নের পূর্ব জোড়খালি গ্রামের তালতলা বাজারের উত্তরে তমরদ্দি বেকের বাজার-হিলটন রোডের পাশে কারখানাটি অবস্থিত। ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হওয়ার পর সেখানে উৎপাদন শুরু করা হয়েছে।
উদ্যোক্তারা জানান, পাথর, সিলেকশন বালু, সাধারণ বালু, সিমেন্ট ও বিভিন্ন ধরনের কেমিক্যালের সংমিশ্রণে এসব কংক্রিট ব্লক তৈরি করা হচ্ছে। কারখানাটিতে সাত ধরনের ব্লক মিলিয়ে প্রতিদিন প্রায় ১৬ হাজার পিস উৎপাদনের সক্ষমতা রয়েছে।
কারখানায় উৎপাদিত বিভিন্ন ব্লকের দামও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ ইঞ্চি × সাড়ে ৪ ইঞ্চি × ৩ ইঞ্চি মাপের প্রতিটি সলিড ব্রিকের দাম ১২ টাকা। ১৬ ইঞ্চি × সাড়ে ৭ ইঞ্চি × সাড়ে ৪ ইঞ্চি মাপের হোলো ব্লকের দাম ৬৫ টাকা। ইউনি ব্লকের দাম ২৫ টাকা এবং কে-নাইন করবিস্টন ব্লকের দাম ২৫০ টাকা।
এ ছাড়া ১২ × ১২ × ১ ইঞ্চি মাপের পারকিন টাইলসের সিঙ্গেল লেয়ারের দাম ৫৫ টাকা এবং ডাবল লেয়ারের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার সরেজমিন কারখানাটি পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও উদ্যোক্তাদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। হাতিয়ায় প্রথমবারের মতো কংক্রিট ব্লক উৎপাদন শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় ব্যক্তি মোশাররফ হোসেনসহ অন্যরা বলেন, হাতিয়ায় পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদন শুরু হওয়ায় হাতিয়া ও পার্শ্ববর্তী মনপুরাসহ বিভিন্ন এলাকায় ভবন, সড়ক ও পোল নির্মাণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
হাতিয়া কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রিজের সাত উদ্যোক্তার একজন ও পরিচালক রাশেদুল ইসলাম বলেন, তাদের কারখানায় উৎপাদিত কংক্রিট ব্লক দিয়ে রাস্তাঘাট, সড়ক, পোল-কালভার্ট এবং ভবন নির্মাণ করা সম্ভব। এসব ব্লকের সরবরাহ বাড়লে ধীরে ধীরে প্রচলিত ইটভাটার উৎপাদন কমবে। এতে কাঠ পোড়ানোর কারণে সৃষ্ট পরিবেশদূষণও হ্রাস পাবে।
হাতিয়ায় কংক্রিট ব্লক উৎপাদনের খবর পেয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি বলেন, ‘ভালো, ভালো, খুব ভালো হয়েছে। কংক্রিট ব্লক টেকসই। এটি উৎপাদনে ফসলি জমির ওপর চাপ কমবে। কংক্রিট ব্লক উৎপাদন পরিবেশবান্ধব। সরকারও চাচ্ছে, দেশে এ ধরনের শিল্পকারখানা প্রচুর গড়ে উঠুক।’