নেত্রকোনায় খালিয়াজুরীতে ইউএনও অফিসে আগুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে ইউএনওর অফিস কক্ষসহ বেশ কয়েকটি কক্ষ। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

netrokona-fire

অগ্নিকাণ্ডে ইউএনওর অফিস কক্ষ আসবাবপত্র, ইলেকট্রিক সরঞ্জামসহ সবকিছু পুড়ে গেছে। এছাড়াও আগুনে পাশের কয়েকটি কক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও জানা যায়নি।

খালিয়াজুরির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এটি কোনো নাশকতা কি-না সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।