যুবরাজের যে টোটকায় সূর্যবংশীর এমন বিধ্বংসী রূপ

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাটের তাণ্ডবে রীতিমতো বিশ্বরেকর্ড ওলটপালট করে দিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মঙ্গলবার এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেছেন তিনি। ২৮ ছক্কায় সাজানো এই বিধ্বংসী ইনিংসের পেছনে ভারতের সাবেক কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বিশেষ পরামর্শের কথা জানিয়েছেন সূর্যবংশী।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সূর্যবংশী। তার আগে ঘরোয়া ক্রিকেটেও রানখরায় ভুগছিলেন। মানসিকভাবে বেশ চাপে থাকা এই তরুণ ব্যাটার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার আগের দিন ফোনে কথা বলেন আদর্শ যুবরাজ সিংয়ের সাথে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে সেই গল্পই শুনিয়েছেন তিনি।

সূর্যবংশী বলেন, ‘গতকাল (সোমবার) আমি মাত্র চারজনের সাথে কথা বলেছিলাম—আমার বাবা, শৈশবের কোচ মনীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ দলের বন্ধু প্রথম জাঁচক এবং চতুর্থজন ছিলেন যুবরাজ সিং স্যার। তাঁর সাথে প্রায় আধা ঘণ্টা কথা হয়েছে। ব্যাটিং নিয়ে তিনি আমাকে অনেক কিছু বুঝিয়েছেন। আমি খুব চিন্তিত ছিলাম এবং খোলামেলাভাবেই তাঁকে বলেছিলাম, ব্যাটিংয়ে নামলে আমার কী কী সমস্যা হচ্ছে।’

যুবরাজ সিংয়ের সঙ্গে সূর্যবংশী

যুবরাজের পরামর্শই বদলে দেয় সবকিছু। সূর্যবংশী জানান, যুবরাজ তাঁকে ক্রিজে টিকে থাকার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘স্যার আমাকে বলেছিলেন, আমি যদি ক্রিজে গিয়ে অন্তত ২০টি বল খেলতে পারি, তবে স্কোরবোর্ডের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হবে। তিনি টেকনিক্যাল অনেক বিষয়ও আমাকে বুঝিয়ে দিয়েছেন, যা আমার দারুণ কাজে লেগেছে।’

নিজের মানসিকতা ও ভুল শোধরানোর প্রক্রিয়া নিয়ে এই তরুণ ব্যাটার আরও বলেন, ‘গত দুটি ম্যাচ ও ঘরোয়া ক্রিকেটে রান না পাওয়ায় আমার মন কিছুটা বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। কিন্তু যুবরাজ স্যার আমার আদর্শ। আদর্শ যখন কিছু বলেন, তখন প্রতিটি কথাই মন দিয়ে শুনতে হয়। তিনি যে ভুলগুলোর কথা বলেছিলেন, নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখেও আমি ঠিক একই ভুলগুলো খুঁজে পাই। মাঠে নামার আগে সেগুলো নিয়েই কাজ করেছি।’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমে শুরুতে উইকেট পরখ করে নেন সূর্যবংশী। বল ব্যাটে ঠিকমতো আসায় নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলাটাই খেলেন, যার ফল হিসেবে আসে ৫৩ বলে ২০৪ রানের ঐতিহাসিক সেই ইনিংস।