মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হুয়াওয়ে

ইরানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকে প্রতারণা এবং মার্কিন কোম্পানির বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে চীনের টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে দোষী সাব্যস্ত করেছেন নিউইয়র্কের একটি আদালতের জুরি বোর্ড। খবর বিবিসি। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালতে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ১২টি ফৌজদারি অভিযোগের মধ্যে ১০টিতে হুয়াওয়েকে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ব্যাংক জালিয়াতি, ইলেকট্রনিক মাধ্যমে প্রতারণা, নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্র। 

২০১৮ সালে এই ফৌজদারি মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হয়। এর পরের বছরই যুক্তরাষ্ট্র সরকার হুয়াওয়েকে বাণিজ্যিক কালোতালিকাভুক্ত করে। এর ফলে মার্কিন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। জাতীয় নিরাপত্তার জন্য হুয়াওয়েকে ঝুঁকি হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছিল ওয়াশিংটন।

তবে বিচারকরা বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং র‍্যাকেটিয়ারিং ষড়যন্ত্রের অভিযোগ থেকে প্রতিষ্ঠানটিকে অব্যাহতি দিয়েছেন। র‍্যাকেটিয়ারিংয়ের অভিযোগে বলা হয়েছিল, হুয়াওয়ে একটি অপরাধী চক্রের মতো কার্যক্রম পরিচালনা করেছে।

তবে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রতিষ্ঠানটিকে কী ধরনের শাস্তি বা আর্থিক জরিমানা করা হবে, তা এখনো স্পষ্ট নয়। আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৭ তারিখে মার্কিন জেলা বিচারক অ্যান ডনেলি এ বিষয়ে রায় দেবেন।

২০১২ ও ২০১৩ সালে রয়টার্সের প্রকাশিত দুটি অনুসন্ধানী প্রতিবেদনে ইরানে হুয়াওয়ের ব্যবসায়িক কার্যক্রমের বিষয়টি সামনে আসে। বিচার চলাকালে এসব প্রতিবেদন নিয়েও আলোচনা হয়েছে।

হুয়াওয়ের আইনজীবী ব্রায়ান হেবারলিগ বলেন, দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটি হতাশ। তবে র‍্যাকেটিয়ারিং ষড়যন্ত্রের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়াকে তিনি প্রতিষ্ঠানটির 'সৎ উদ্দেশ্যে আইন মেনে চলার সংস্কৃতির' স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন,'আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আপিল করব।' 

এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জোসেফ নোসেলা এক বিবৃতিতে বলেন, 'যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিপন্ন করা, দেশটির বাণিজ্যিক ব্যবস্থার অখণ্ডতা লঙ্ঘন এবং আইন প্রয়োগে বাধা দেওয়ার ক্ষেত্রে হুয়াওয়ের কয়েক দশকব্যাপী কর্মকাণ্ডের চেয়ে গুরুতর অপরাধ খুব কমই রয়েছে।'  

হুয়াওয়ের ওপর কী পরিমাণ জরিমানা বা আর্থিক শাস্তি আরোপ করা হতে পারে, জানতে চাইলে আইনজীবী হেবারলিগ বলেন, 'এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। '