দেশের শ্রমিক, দিনমজুর, অসহায়, নির্যাতিত ও শোষিত মানুষের ন্যায্য অধিকার, আইনি সুরক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘বাংলাদেশ মজলুম ঐক্য পরিষদ’।
২০২৬ সালের ১ মে মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে আয়োজিত পথসভা ও পরবর্তী বিশেষ বৈঠকের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। ওই সময় বিশিষ্ট আয়কর আইনজীবী মাইনুদ্দিন মজুমদারকে আহ্বায়ক এবং মো. সাইদুর রহমান সিকদারকে সদস্য সচিব করে প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরবর্তী সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে গত সেপ্টেম্বর মাসে মাইনুদ্দিন মজুমদারকে সভাপতি এবং মো. সাইদুর রহমান সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সংগঠনটি সংবিধানের মৌলিক অধিকারসংক্রান্ত ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৯৭ ও ৯৮ নম্বর কনভেনশনের আলোকে প্রণীত নিজস্ব পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে।
অধিকারবঞ্চিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শুরু থেকেই কাজ করে যাচ্ছে সংগঠনটি। এরই অংশ হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকে ইতিমধ্যে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে বাংলাদেশ মজলুম ঐক্য পরিষদ।
এছাড়া ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।